
বাড়িতে জায়গার অভাব? তাই রান্নাঘর বা বসার ঘরের ফ্রিজটির ওপরটাকেই ‘শেলফ’ বানিয়ে ফেলছেন? কখনও সেখানে ঠাঁই পায় মুড়ির কৌটো, কখনও আবার প্রয়োজনীয় ওষুধের বাক্স। এমনকি ভক্তিভরে অনেকে তো ফ্রিজের ওপর দেব-দেবীর ছবি বা লক্ষ্মীর ঝাঁপিও রেখে দেন। আপনিও কি এই দলেই পড়েন? তবে সাবধান! বাস্তুশাস্ত্রবিদের মতে, আপনার এই সামান্য অভ্যাসই পরিবারের জন্য চরম অশান্তি ও আর্থিক অনটন ডেকে আনতে পারে।
কেন ফ্রিজের ওপর ওষুধ রাখা বিপজ্জনক?
অধিকাংশ বাড়িতেই দেখা যায়, হাতের কাছে পাওয়ার জন্য ফ্রিজের ওপর ওষুধের বক্স রাখা হয়। কিন্তু চিকিৎসকদের মতে, এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফ্রিজ চলার সময় যে যান্ত্রিক তাপ নির্গত হয়, তা ওপরের অংশে রাখা ওষুধের গুণাগুণ নষ্ট করে দিতে পারে। ফলে সেই ওষুধ খেয়ে রোগ সারা তো দূরের কথা, হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আধ্যাত্মিক দিক থেকেও যন্ত্রের ওপর জীবনদায়ী ওষুধ রাখা অশুভ বলে মনে করা হয়।
বাস্তুশাস্ত্র বলছে, ফ্রিজ একটি বৈদ্যুতিক যন্ত্র, যা থেকে ক্রমাগত শক্তি নির্গত হয়। এর ওপর পবিত্র কোনো বস্তু যেমন— দেব-দেবীর ছবি, পূজার সামগ্রী বা কোনো ধর্মগ্রন্থ রাখা ‘ঘোরতর বাস্তু অপরাধ’। শাস্ত্র মতে, এতে গৃহকর্তার ওপর মানসিক চাপ বৃদ্ধি পায় এবং বাড়ির ইতিবাচক শক্তি বা ‘পজিটিভ এনার্জি’ নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, ফ্রিজের ওপর লক্ষ্মীর ঝাঁপি বা মানিব্যাগ রাখলে সম্পদহানির আশঙ্কা থাকে। বাস্তুবিদদের দাবি, এতে মা লক্ষ্মী চঞ্চলা হন এবং সংসারে অভাব-অনটন দেখা দেয়।
অনেকে শখ করে ফ্রিজের গায়ে বা ওপরে বাচ্চাদের ছবি বা পারিবারিক ফটো ফ্রেম রাখেন। বাস্তু বিশেষজ্ঞরা এতেও সতর্ক করছেন। তাঁদের মতে, ফ্রিজের মতো একটি যান্ত্রিক বস্তুর ওপর পরিবারের সদস্যদের ছবি রাখলে তাঁদের উন্নতির পথ রুদ্ধ হতে পারে। এছাড়া ফ্রিজের ওপরের অংশ নিয়মিত পরিষ্কার না রাখলে সেখানে ‘রাহু’র কুপ্রভাব পড়ার ভয় থাকে, যা পরিবারের সদস্যদের মধ্যে অহেতুক উদ্বেগ ও খিটখিটে মেজাজ তৈরি করে।
যদি একান্তই ফ্রিজের ওপর কিছু রাখতে হয়, তবে সেটি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। একটি সুন্দর ও পরিষ্কার কভার বিছিয়ে তার ওপর হালকা কোনো ঘর সাজানোর জিনিস রাখা যেতে পারে। তবে মনে রাখবেন, ফ্রিজের ওপর যেন ওজনের বা ভারী কোনও বস্তু রাখবেন না। সংসারের শ্রীবৃদ্ধি ও শান্তি বজায় রাখতে আজই ফ্রিজের ওপর থেকে ওষুধ, ঠাকুর বা ছবি সরিয়ে নির্দিষ্ট ও শান্ত স্থানে রাখুন। সামান্য এই পরিবর্তনই আপনার জীবনে পজিটিভ এনার্জির জোয়ার আনতে পারে বলে জানাচ্ছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা।