Kalyan Chaubey: শেষ মূহুর্তে প্রত্যাবর্তন,কর্ণাটকের হাত ধরে বাঁচলেন কল্যাণ চৌবে!

AIFF Election: গতবার গুজরাটের ফুটবল সংস্থা থেকে প্রতিনিধি হয়ে এআইএফএফ-এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন কল্যাণ। কিন্তু, এবার তাঁকে আর প্রতিনিধি করতে রাজি হয়নি। এরপর একাধিক রাজ্য ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ করেও বিশেষ সুবিধা করতে পারেননি কল্যাণ। দমন-দিউ ফুটবল সংস্থার তরফে তাঁর নাম প্রস্তাব করা হলেও ২৪ ঘন্টার মধ্যেই সেই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়।

Kalyan Chaubey: শেষ মূহুর্তে প্রত্যাবর্তন,কর্ণাটকের হাত ধরে বাঁচলেন কল্যাণ চৌবে!
ফাইল ছবিImage Credit source: Facebook/Kalyan Choubey

| Edited By: Moumita Das

Nov 26, 2026 | 11:52 AM

কলকাতা: এআইএফএফ-এর নির্বাচনে ক্রমশ জমে উঠেছে রাজনৈতিক ও ফুটবল প্রশাসনের লড়াই। একের পর এক রাজ্যের ফুটবল সংস্থার থেকে প্রত্যাখ্যাত হয়ে যখন প্রবল চাপে ছিলেন কল্যাণ চৌবে, তখনই একদম শেষ মুহূর্তে আশার আলো দেখা গেল। কর্ণাটক ফুটবল সংস্থার হাত ধরে নির্বাচনী লড়াইয়ে লড়বেন কল্যাণ। আর এই লড়াইতে তাঁর প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে আসছেন বিজেপি নেতা অরবিন্দ মেনন।

গতবার গুজরাটের ফুটবল সংস্থা থেকে প্রতিনিধি হয়ে এআইএফএফ-এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন কল্যাণ। কিন্তু, এবার তাঁকে আর প্রতিনিধি করতে রাজি হয়নি। এরপর একাধিক রাজ্য ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ করেও বিশেষ সুবিধা করতে পারেননি কল্যাণ। দমন-দিউ ফুটবল সংস্থার তরফে তাঁর নাম প্রস্তাব করা হলেও ২৪ ঘন্টার মধ্যেই সেই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়। নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে সংস্থাটি জানিয়ে দেয়, আগে জমা দেওয়া দুই প্রতিনিধিই তাদের কাছে চূড়ান্ত। এরপর স্বাভাবিকভাবেই জটিলতা বাড়ে। কারণ, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর কল্যাণের নাম প্রস্তাব করা হয়েছিল। ফলে ভোটার তালিকায় তাঁর প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। একইভাবে বেশ কয়েকটি নাম নিয়েও সমস্যা দেখা যায়।

শেষমেশ কর্ণাটকের কংগ্রেস নেতা তথা ফেডারেশনের সহ সভাপতি এনএ হ্যারিসের হাত ধরে ফেডারেশন নির্বাচনে লড়াই জারি রাখলেন কল্যাণ চৌবে।
ফেডারেশন প্রেসিডেন্টের লড়াইয়ে এবারে কল্যাণের প্রধান প্রতিপক্ষ অরবিন্দ মেনন। বিজেপির দুঁদে নেতা অরবিন্দ উত্তরপ্রদেশ ফুটবল সংস্থার কর্তা। নিজে ফেডারেশন প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চেয়ে আগ্রহও দেখিয়েছেন। অরবিন্দকে সমর্থন করছেন প্রফুল প্যাটেল। বাংলার ফুটবল প্রশাসক সুব্রত দত্তও প্রফুল প্যাটেলের ঘনিষ্ঠ। ফলে ফেডারেশন নির্বাচন যে জমে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

সব মিলিয়ে ২০ ডিসেম্বরের নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে যেমন কল্যাণ চৌবে নিজের পদ ধরে রাখতে নতুন সমীকরণ তৈরি করছেন, অন্যদিকে অরবিন্দ মেননকে সামনে রেখে প্রফুল্ল প্যাটেলের শিবিরও ঘুঁটি সাজাচ্ছে। কর্ণাটকের সমর্থক আপাতত কল্যাণকে লড়াইয়ে রেখেছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ভোটের অঙ্ক কোন দিকে যায়, সেটাই এখন দেখার।

Loading...
Unable to load recommendations.
Follow Us