Kalyan Chaubey: ফেডারেশনকে তোপ প্রফুল্ল প্যাটেলের, জবাবে ৪ বছরের রিপোর্ট প্রকাশের ইঙ্গিত কল্যাণের

AIFF President: টুইট করে নিজের কার্যকালের কথাও স্মরণ করিয়ে দেন প্রফুল্ল। তাঁর সময়ে ভারতে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফাকে রাজি করানো থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট সংস্থাকে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত করার উদ্যোগের কথা উল্লেখ করেন। পাশাপাশি ভারতীয় ফুটবলে প্রফেশনালিজম বাড়ানোর কথাও বলেছিলেন তিনি।

Kalyan Chaubey: ফেডারেশনকে তোপ প্রফুল্ল প্যাটেলের, জবাবে ৪ বছরের রিপোর্ট প্রকাশের ইঙ্গিত কল্যাণের
ফাইল ছবিImage Credit source: AIFF

| Edited By: Moumita Das

Nov 22, 2026 | 4:54 PM

কলকাতা: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির পদ ঘিরে যখন জোর জল্পনা, তখনই টুইট যুদ্ধ বেঁধে গেল ফেডারেশনের প্রাক্তন কর্তা প্রফুল্ল প্যাটেল ও বর্তমান কর্তা কল্যাণ চৌবের মধ্যে। আজ রবিবার, প্রফুল্লের করা টুইটের প্রত্যুত্তরে নিজের নেতৃত্বে গত ৪ বছরের ফেডারেশনের কাজকর্মের বিস্তারিত রিপোর্ট প্রকাশ করার কথা বললেন কল্যাণ। এই টুইট ঘিরেই ফুটবলমহলে আবার জল্পনা শুরু হয়েছে।

গতকাল ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেলের একটি টুইটকে কেন্দ্র করে ফেডারেশনের পরবর্তী সভাপতির পদ ঘিরে জল্পনা শুরু হয়। এই টুইটে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন গত ৪ বছরের সময় ভারতীয় ফুটবলের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রফুল প্যাটেল। বিশেষ করে তিনি বলেন, এই সময়ে কর্পোরেট সংস্থাগুলির ভারতীয় ফুটবলে আগ্রহ কমে গিয়েছে ও ভারতীয় ফুটবল যথেচ্ছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই সঙ্গে টুইট করে নিজের কার্যকালের কথাও স্মরণ করিয়ে দেন প্রফুল্ল। তাঁর সময়ে ভারতে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফাকে রাজি করানো থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট সংস্থাকে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত করার উদ্যোগের কথা উল্লেখ করেন। পাশাপাশি ভারতীয় ফুটবলে প্রফেশনালিজম বাড়ানোর কথাও বলেছিলেন তিনি। পোস্টের শেষে ভারতীয় ফুটবলের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তাও দেন প্রাক্তন সভাপতি। অন্যদিকে, শোনা গিয়েছে ফেডারেশনের সভাপতি হতে অরবিন্দ মেননও। তিনি নাকি ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। এই পরিস্থিতিতে কল্যাণ চৌবের টুইট খুব গুরুত্বপূর্ণ।

 

কী বলেছেন কল্যাণ?

টুইট করে কল্যাণ বলেছেন, “আমরা সবাই ভারতীয় ফুটবলের উন্নতি চাই। এর ভবিষ্যৎ নিয়েও আমরা সবাই উদ্বিগ্ন। ফেডারেশনের সভাপতি হিসেবে আমি বুঝি, সবাইকে সমালোচনার সম্মুখীন হতে হবে। সেই সমালোচনা আমি গ্রহণ করছি। তবে জবাবদিহি অবশ্যই পারস্পরিক হওয়া উচিৎ। তাই গত ৪ বছর ধরে এআইএফএফ-কে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ও আমার কার্যকালের রিপোর্ট আমি প্রকাশ করতে ইচ্ছুক। একইভাবে, আমার মনে হয়, যাঁরা আমার আগে দায়িত্বে ছিলেন, তাঁরাও একই ভাবে রিপোর্ট প্রকাশ করুন।”

ফেডারেশনের পরবর্তী সভাপতি নির্বাচনে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে পারে। সূত্রের খবর, আগামী ৩০ নভেম্বর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগেই সভাপতি নির্বাচন নিয়ে ত্রিমুখী যুদ্ধ চলছে কল্যাণ চৌবে, অরবিন্দ মেনন ও প্রফুল্ল প্যাটেলের মধ্যে। তবে শেষ পর্যন্ত কে সভাপতি হবেন, তা জানতে সমর্থকদর আরও অপেক্ষা করতে হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us