Ranji Trophy 2026-27: না খেলেই ম্যাচ হার, কেন এমন অচলাবস্থা অরুনাচল প্রদেশের বোর্ডে?

Arunachal Pradesh Cricket: গত মরশুমে প্লেট গ্ৰুপের পয়েন্ট তালিকায় লাস্ট বয় ছিল অরুণাচল প্রদেশ। ৫ ম্যাচের একটি ম্যাচেও জয় আসেনি তাদের। সবগুলিতে হেরে গিয়েছিল তারা। রঞ্জি ট্রফির এই প্লেট গ্ৰুপে অরুণাচল প্রদেশ ছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম, সিকিম আছে।

Ranji Trophy 2026-27: না খেলেই ম্যাচ হার, কেন এমন অচলাবস্থা অরুনাচল প্রদেশের বোর্ডে?
বিসিসিআইImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Oct 11, 2026 | 6:33 PM

কলকাতা: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে নামতেই পারল না অরুণাচল প্রদেশ। এর ফলে না নেমেই হেরে গিয়েছে তারা। আজ, রঞ্জি ট্রফির প্লেট গ্ৰুপে নাগাল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল অরুণাচল প্রদেশের। কিন্তু ম্যাচটি ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নেয় অরুণাচল। এর ফলে না খেলেই প্রথম ম্যাচ জিতে গেল নাগাল্যান্ড।

রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের চরম অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সংস্থার দখল নিতে সংস্থাসংলগ্ন দুটি বিদ্রোহী গোষ্ঠী নিজেদের মধ্যেই লড়াই করছে। বর্তমানে বিষয়টি নিয়ে গৌহাটি হাইকোর্টের ইটানগর বেঞ্চে মামলাও বিচারাধীন রয়েছে। প্রশাসনিক এই সঙ্কটের জের শুধু সিনিয়র দলেই নয়, প্রভাব ফেলেছে অরুণাচল ক্রিকেটের বয়সভিত্তিক ক্রিকেটেও। দল নির্বাচন করার মতো কোনও বৈধ ও কার্যকর কর্তৃপক্ষ না থাকায়, গত বৃহস্পতিবার ভিনু মাঁকড় ট্রফিতে সিকিমের সঙ্গে খেলা ছিল এদেরই অনুর্ধ্ব ১৯ দলের। কিন্তু রাজ্যের ক্রিকেট সংস্থায় সিদ্ধান্ত নেওয়ার মতো কোনও কর্তৃপক্ষ না থাকার ফলে দল নির্বাচন, ম্যাচ খেলানো – কিছুই সম্ভব হচ্ছে না। গত সেপ্টেম্বর মাসে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে সভাপতি হিসেবে নির্বাচিত হন নবম বিবেক।

তবে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বেশ কয়েকটি জেলা অ্য়াসোসিয়েশনের গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের করে। যদিও আদালত এই মামলায় রায়দান স্থগিত রাখার ফলে বিসিসিআই চাইলেও নিজস্ব সিলেকশন প্যানেল গঠন করতে পারছে না। এই অবস্থা সম্পর্কে পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “আদালতের স্থগিতাদেশ থাকায় বিসিসিআই-এর কোনও উপায় নেই। বর্তমানে রাজ্য সংস্থাকে পরিচালনা করার মতো কেউ নেই। আদালতের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত আমাদের হাত বাঁধা।”

এই ঘটনার ফলে চাপে পড়েছে তাদের ক্রিকেট দলও। গত মরশুমে প্লেট গ্ৰুপের পয়েন্ট তালিকায় লাস্ট বয় ছিল অরুণাচল প্রদেশ। ৫ ম্যাচের একটি ম্যাচেও জয় আসেনি তাদের। সবগুলিতে হেরে গিয়েছিল তারা। রঞ্জি ট্রফির এই প্লেট গ্ৰুপে অরুণাচল প্রদেশ ছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম, সিকিম আছে। ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব ও অভ্যন্তরীণ ক্ষমতার এই বিরোধ মীমাংসা না হওয়ার, আগামী দিনে অরুণাচল সঠিকভাবে দল ঘটনা করতে পারবে কি না – এই নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us