
কলকাতা : দু’দিন আগেই বহু প্রতীক্ষিত নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। এরপরেই নির্বাচিত দল নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কারণ, কোনও দলেই সুযোগ পাননি যশস্বী জয়সোয়াল ও রবীন্দ্র জাদেজা। ভারতীয় স্পিনারের মতে, শেষ ২টি ম্যাচে যশস্বীকে সুযোগ দেওয়া যেত, কারণ সেই সময় শুভমন বিশ্রামে থাকবেন।
অশ্বিন সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বারবার সুযোগ না পেলে তরুণ ব্যাটারের আত্মবিশ্বাস ও উন্নতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে অশ্বিন নির্বাচকদের এই সিদ্ধান্ত ‘অন্যায্য এবং দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তাঁর যুক্তি, আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে যশস্বীর আরও কিছুটা সময়ের প্রয়োজন। শেষ ২টি ম্যাচে তাঁকে দলে নেওয়া যেত। এর ফলে তিনি ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারতেন।
তাঁর কথায়, “এই সিদ্ধান্ত খুব দুর্ভাগ্যজনক। শুভমন যদি শেষ ২ ম্যাচ না খেলে, তাহলে সেই জায়গাটা যশস্বীর পাওয়া উচিত ছিল। এটা ওর দুর্ভাগ্য, কারণ এতে ওর কনফিডেন্স চলে যেতে পারে। কারণ ও লাগাতার রান করছে। নির্বাচকরা ভাবতেই পারেন, টেস্টের জন্য ফিট রাখতে যশস্বীকে খেলাবেন না। এটা কিন্তু বড় ভুল। বরং ওই ২ ম্যাচ খেললে ওর ম্যাচ প্র্যাকটিস হয়ে যেত।”
অশ্বিনের পরামর্শ, নির্বাচকরা যশস্বী জয়সোয়ালের সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন ও তাঁকে শেষ ২টি ওডিআই ম্যাচ খেলার বিষয়ে জানাতে পারতেন। এতে জয়সোয়াল নিজেই সিদ্ধান্ত নিতে পারতেন যে তিনি খেলবেন কি না। অশ্বিন স্বীকার করেছেন যে টেস্ট ক্রিকেটের প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ, তবে প্রশ্ন তুলেছেন-সেই প্রস্তুতির জন্য কেন ওডিআই খেলার সুযোগ বিসর্জন দিতে হবে?
এর পাশাপাশি, জাদেজাকে নিয়েও আশাবাদী তিনি। যদিও বোর্ডের এক কর্তার মতে, তাঁকে আর ২০২৭ সালের বিশ্বকাপের দলের জন্য ভাবা হচ্ছে না। ফলে খুব সম্ভবত আর বেশিদিন দেখা যাবে না জাডেজাকেও।