
কলকাতা : একদিকে বিশ্বকাপের সমাপ্তি, অন্যদিকে ভারতীয় ওপেনার রোহিত শর্মার শেষ ম্যাচ – এই দুই নিয়েই উত্তপ্ত ক্রীড়া পরিবেশ। শোনা গিয়েছিল, ২০২৭ বিশ্বকাপের জন্য রোহিতকে নিজেদের পরিকল্পনার জন্য অন্তর্ভুক্ত করতে অনিচ্ছুক বিসিসিআই। এরপর থেকেই তোলপাড় শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তাহলে কি রবিবার লর্ডসের মাঠেই শেষ ম্যাচ খেলতে চলেছেন রোহিত? এই জল্পনার মাঝেই অবশেষে মুখ খুললেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া।
পিটিআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাইকিয়া বলেন,“রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে সংবাদমাধ্যমে অনেক জল্পনা চলছে। আমি স্পষ্ট করে বলতে চাই, রবিবারই রোহিতের শেষ ম্যাচ হবে এমন কোনও আলোচনা হয়নি। রোহিত দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য। যতদিন তিনি নির্বাচকদের পরিকল্পনায় থাকবেন, ততদিন তিনি দেশের হয়ে খেলতে পারবেন। মোট কথা, লর্ডসের ওয়ানডে ম্যাচ তাঁর শেষ ম্যাচ নয়। সবটাই গুজব।” ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১১ ও ২৬ রান। ফলে তাঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ছে। বিসিসিআই সচিব আরও জানিয়েছেন,“রোহিত শর্মার মতো বড় মাপের ক্রিকেটারের উপর ভবিষ্যৎ নিয়ে কোনও চাপ রয়েছে বলে আমার মনে হয় না। তিনি এত ভাল ক্রিকেটার যে এই ধরণের বিষয় তাঁকে বিশেষ প্রভাবিত করবে না। প্রথম দুই ম্যাচে তিনি রান না পেলেও বড় ইনিংস খেলার ক্ষমতা আছে তাঁর।”
বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মাকে নিয়ে ইতিবাচক কিছু ভাবছেন না নির্বাচকরা। গৌতম গম্ভীর ও অজিত আগরকরের সিদ্ধান্ত জানানো হয়েছিল রোহিতকে। স্বভাবতই, তিনি এই সিদ্ধান্ত মানতে পারেননি। এমনকি, শোনা গিয়েছিল, আগামীকাল, রবিবারের এই ম্যাচের আগে ইতিমধ্যেই লন্ডন পৌঁছে গিয়েছেন রোহিতের বাবা-মা। জল্পনা আরও বেড়ে গিয়েছিল অবসরের। তবে, দেবজিৎ সাইকিয়ার মন্তব্যে যে উত্তাপের পারদ অনেকটা কমল, তা মনে করছেন সমর্থকরা।