
কল্যাণী: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই ভাল স্থানে রয়েছে বাংলা। প্রথমে ব্যাটিংয়ের পর এবার বোলিংয়েও ভাল পারফর্ম করছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। তৃতীয় দিনের শেষ হয়ে গেলেও এখনও ভাল জায়গায় দাঁড়িয়ে বাংলা। এখনও ৮৮ রানে পিছিয়ে দিল্লি।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানেই অল আউট হয়ে যায় দিল্লি। ৪ উইকেট পেয়েছিলেন মহম্মদ শামি। জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড় তুলে দেয় বাংলা। ৪২৯ রান করেন বাংলার ব্যাটাররা। ১৩৩ রান করেন সুদীপ ঘরামী। ১৪৯ রান করে আউট হন বর্তমানে বাংলা দলের সবথেকে বিতর্কিত ক্রিকেটার অভিষেক পোড়েল। ৫০ রান করেন সুমন্ত গুপ্তও। ৪৩ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন আয়ুষ বাদোনি।
জবাবে দ্বিতীয় ইনিংসের ব্যাটে নেমে ধুঁকছে দিল্লি। ৪৫ ওভার খেলে তাদের বর্তমান স্কোর ১০১/৩। ৩ রানেই আউট হয়ে গিয়েছেন ওপেনার সার্থক রঞ্জন। প্রথম বলেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন যশ ধুল। ৭৫ বল খেলে মাত্র ১৯ রান করেন দিল্লির আয়ুষ দোসেজা। আর এক ওপেনার সনৎ সাংওয়ান করেছেন ২৫ রান, খেলেছেন ৯৫ বল। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন আয়ুষ বাদোনি (২৪ অপরাজিত) ও অনুজ রাওয়াত (২৫ অপরাজিত)। বাংলার হয়ে তিনটি উইকেট নিয়েছেন আকাশ দীপ, মুকেশ কুমার ও প্রদীপ্ত প্রামানিক।
আগামীকাল বাংলা দল যত জলদি দিল্লির ৭ উইকেট ফেলতে পারবে, তত জলদিই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়ার আশা বাড়বে বঙ্গ ব্রিগেডের। ২য় ইনিংসে এখনও অবধি উইকেট পাননি মহম্মদ শামি। তিনি উইকেট পেলে তাঁরও ভারতীয় দলে ফেরার একটা আশা থাকবে। ৪ বছর পর ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। তবে এবার ভারতীয় দলে ফিরতে গেলে শামিকে আরও পারফর্ম করতে হবে বলেই আশা ক্রীড়ামহলের।