
সদ্যই জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন হরমনপ্রীত কৌর। তাঁর বদলে নয়া ক্যাপ্টেন স্মৃতি মন্ধানা। এশিয়ান গেমসে দিন কয়েক আগেই সোনা পেয়েছেন ভারতের মহিলা দল। এর মধ্যেই ভারত ও জিম্বাবোয়ের মধ্যে শুরু হচ্ছে ৩ ম্যাচের মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ। সেই ম্যাচ নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিল সরকার।
এই তিনটি ম্যাচটি হবে ছত্তীসগড়ে। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬, ১৮, ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে ৩টি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। বৃহস্পতিবার আইএএনএসকে ছত্তিশগড় স্টেট ক্রিকেট সংঘের একজন সূত্র জানিয়েছে, ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ দেখার আমন্ত্রণ জানাতে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সঙ্গে দেখা করেছিলেন সংস্থার কর্তারা। ছত্তীসগড় স্টেট ক্রিকেট সংঘের সভাপতি মোহন দাস, ডিরেক্টর বিজয় শাহ ও প্রাক্তন সভাপতি মুকুল তিওয়ারিরা দেখা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই সময়েই মুখ্যমন্ত্রী জানান, এই ম্যাচে মহিলা দর্শকদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রস্তাবের পরেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে এই উদ্যোগের কথা ঘোষণা করে মহিলা ক্রিকেটপ্রেমীদের স্টেডিয়ামে এসে ভারতের মেয়েদের সমর্থন করার আহ্বান জানিয়েছে ক্রিকেট সংস্থা। গ্যালারি ভরিয়ে ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করার আবেদন জানানো হয়েছে।
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, এখন যেহেতু নবরাত্রি চলায় রায়পুরে উৎসবের আবহ, তাই মহিলা দর্শকদের উপস্থিতি স্টেডিয়ামের পরিবেশকে আরও উৎসবমুখর করে তুলবে বলেই মনে করা হচ্ছে। এই সিরিজ আসলে টিম ইন্ডিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। পূর্ণ সময়ের জন্য অধিনায়ক হিসেবে স্মৃতির নেতৃত্বে এটাই ভারতের প্রথম সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর দুই দল চলে যাবে ভাদোদরায়। সেখানে ২৩ থেকে ২৮ অক্টোবর চলবে ৩ ম্যাচে ওডিআই সিরিজ। আরও একটি কারণে এই সিরিজের গুরুত্ব আছে। প্রথমবারের জন্য কোনও মহিলা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করতে চলেছে রায়পুর। ফলে ভারত-জিম্বাবোয়ে সিরিজকে ঘিরে ছত্তীসগড়ের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে।