AB de Villiers on Virat Kohli: বিরাট কোহলির কেরিয়ারে ‘ফিনিশিং টাচ’ কীভাবে? এবিডি বললেন…

RCB, IPL 2025: এ বার দেখার ১৮তম আইপিএলে ক্যাপ্টেন রজত পাতিদারের অধীনে কিং কোহলি আরসিবি জার্সিতে কেমন খেলেন। ২২ মার্চ ইডেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের বিরুদ্ধে অভিযান শুরু করবে আরসিবি।

AB de Villiers on Virat Kohli: বিরাট কোহলির কেরিয়ারে ফিনিশিং টাচ কীভাবে? এবিডি বললেন...
AB de Villiers on Virat Kohli: বিরাট কোহলির কেরিয়ারে 'ফিনিশিং টাচ' কীভাবে? এবিডি বললেন...Image Credit source: Alex Davidson-ICC/ICC via Getty Images

Mar 06, 2025 | 3:53 PM

কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) বর্ণময় ক্রিকেট কেরিয়ারের ইতি হতে পারে ঠিক কখন? বলে দিলেন তাঁর খুব কাছের বন্ধু এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)। সেই ২০০৮ সাল থেকে আইপিএলে আরসিবির হয়ে খেলছেন বিরাট। সেখানে তিনি ১৪০টি ম্যাচে আরসিবির হয়ে নেতৃত্ব দিয়েছেন। আর টুর্নামেন্টে ২৫২টি ম্যাচে ৮০০৪ রান করেছেন। রয়েছে ৮টি সেঞ্চুরি এবং ৫৫টি হাফসেঞ্চুরি। ৩৬ বছর বয়সী বিরাট আইপিএলের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার। আরসিবির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন কোহলি। কিন্তু এখনও আইপিএল খেতাব তাঁর অধরা। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের আইপিএলে ট্রফির খুব কাছে পৌঁছে গেলেও রানার্স হয়ে থেমেছিল আরসিবি। ২২ মার্চ শুরু হবে ১৮তম আইপিএল। তার আগে বিরাটের প্রাক্তন আরসিবি সতীর্থ এবিডি জানিয়েছেন কোহলিকে নিয়ে তাঁর ভাবনা।

কোহলির কেরিয়ারের নিঁখুত সমাপ্তি হবে কীভাবে? এই প্রসঙ্গে জিওহটস্টারে এবিডি বলেন, “ওকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে খেলতে দেখে দারুণ লাগছে। নতুন নতুন শট চেষ্টা করছে। খেলার আলাদা আঙ্গিক তুলে ধরতে চাইছে। এই ক্ষমতা ওর বরাবরই ছিল। ওর কাছে এই ফর্মে ফেরাটা খুব গুরুত্বপূর্ণ। আরসিবির হয়ে আইপিএল জিততে পারলে ওর অসাধারণ কেরিয়ারের নিঁখুত সমাপ্তি হবে।”

গত আইপিএলের সময় বিরাটের স্ট্রাইকরেট নিয়ে নানা কথা হচ্ছিল। সেই প্রসঙ্গে এবিডি বলেন, “গত আইপিএলে ও অসাধারণ খেলেছিল। ওর স্ট্রাইক রেট নিয়ে কোনও সমস্যা ছিল না। দলের প্রয়োজন অনুযায়ী ও খেলছিল। বিরাটের দায়িত্ব ছিল ইনিংস ধরে রাখার। আরসিবি যে কোয়ালিফাই করেছিল নকআউটে, তার নেপথ্যে বিরাটের অবদান রয়েছে। বিরাটের স্ট্রাইকরেট নিয়ে যে তদন্ত হচ্ছিল, তা একেবারে হাস্যকর। ও দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। ও ঠিক সেটাই করেছিল, দলের সেই সময় ওর থেকে যা প্রয়োজন ছিল।”

এ বার দেখার ১৮তম আইপিএলে ক্যাপ্টেন রজত পাতিদারের অধীনে কিং কোহলি আরসিবি জার্সিতে কেমন খেলেন। ২২ মার্চ ইডেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের বিরুদ্ধে অভিযান শুরু করবে আরসিবি।

Follow Us