
কলকাতা: রাত পোহালেই মিনি বিশ্বকাপে মহারণ। ভারতীয় সময় অনুযায়ী আগামিকাল দুপুর ২.৩০ মিনিটে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সেখানে সোনালি ট্রফির লড়াইয়ে নামবেন রোহিত শর্মা ও মিচেল স্যান্টনাররা। এই মেগা ম্যাচের আগে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে বিশেষ পরামর্শ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
মিনি বিশ্বকাপের প্রথম ২টো ম্যাচে ভারত একটা কম্বিনেশন খেলিয়েছিল। এরপর গ্রুপের শেষ ম্যাচে হর্ষিত রানার জায়গায় বরুণ চক্রবর্তীকে খেলানো হয়। সেখানে সাফল্য আসে। যার ফলে সেমিফাইনালে বরুণকে বসানোর জায়গা ছিল না। ফাইনালেও তাই সেই একই কম্বিনেশনে রোহিতকে খেলার পরামর্শ দিচ্ছেন সৌরভ। মহারাজের মনে হয়, উইনিং কম্বিনেশন ভাঙলে ভারতীয় টিমের ছন্দ নষ্ট হতে পারে।
মধ্যমগ্রামের একটি খেলার অনুষ্ঠানে এসে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতকে ফেভারিট বলেন মহারাজ। একই সঙ্গে সৌরভ ভারতের বোলিংকে অস্ত্র হিসেবে বাছছেন। পাশাপাশি এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডের ব্যাটিংকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ধুন্ধুমার যুদ্ধ দেখতে পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন একই সঙ্গে স্বস্তিতে কোহলি, গিল, শ্রেয়সদের ফর্ম নিয়ে। দুবাইয়ের পিচে ভারত ফেভারিট হলেও সৌরভ অবশ্য নিউজিল্যান্ডকে খুব একটা পিছিয়ে রাখছেন না।
২৫ বছর আগে যখন এই টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নকআউট ট্রফি, সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের অধিনায়ক ছিলেন। সেই ম্যাচে রান তাড়া করে জিতেছিল নিউজিল্যান্ড। সৌরভ ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। যে কারণে তাঁর কাছে এটা আবেগের ম্যাচ। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। সৌরভ যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেম, সেই সময় ক্যাপ্টেন্সি পেয়েছিলেন রোহিত। সেই ভরসা এখনও রয়েছে। আইসিসি ট্রফিতে রোহিত ভরসার মর্যাদা রেখেছেন। তা ওডিআই বিশ্বকাপ ফাইনালে টিমকে তোলা থেকে টি-২০ বিশ্বকাপ জয়। এ বার এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে সৌরভ আশাবাদী।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও অবধি ভারত যেভাবে খেলেছে, তাতে সৌরভের নজরে ভারতই ফেভারিট দল। নিউজিল্যান্ডের যেহেতু স্পিন খেলার দক্ষতা ভালো। তাই সেটা ভাবাচ্ছে মহারাজকে। গ্রুপ পর্বের ম্যাচ যদি দেখা হয়, তা হলে নজরে পড়বে কেন উইলিয়ামসনের উইকেটটা যদি অক্ষর প্যাটেল না নিতেন, তা হলে ভারতকে সমস্যায় পড়তে হত। স্পিন বোলিং ও স্পিন খেলার দিক থেকে দুই দলই শক্তিশালী। এ বার জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।