
কলকাতা: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সংস্পর্শে বদলে যাবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এমন কথা ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা গৌতম গম্ভীর নাইট শিবিরে ফেরার পর থেকে কেকেআরের অনুরাগীরা খুশিতে ডগমগ হয়েছিলেন। তাঁরা আশাবাদী গম্ভীরের মগজাস্ত্রে কেকেআর আইপিএল ট্রফি এ বার ঘরে আনতে পারবে। গম্ভীরও বিরাট গুরুত্ব দিচ্ছেন আইপিএলকে (IPL)। তাঁর নেতৃত্বেই শাহরুখ খানের দল ২ বার আইপিএল খেতাব জয়ের স্বাদ পেয়েছিল। যে কারণে তাঁকে ঘিরে কেকেআরের অনুরাগীদের প্রত্যাশা বাড়ছে। গম্ভীরও জানিয়েছেন, নাইট ভক্তদের সমর্থনের যোগ্য মর্যাদা এ বার দিকে হবে কেকেআরকে। পাশাপাশি গম্ভীর আইপিএল নিয়ে কতটা সিরিয়াস সে কথাও বলেছেন।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেছেন, ‘আমি প্রথম দিন থেকেই বলব আইপিএল আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিযোগিতা। এটা বলিউডের মতো নয়, ম্যাচ শেষে পার্টির জন্যও এই লিগ নয়। এখানে প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখতে পাওয়া যায়। উচ্চমানের প্রতিযোগিতা হওয়ার ফলে এই লিগ বেশ আকর্ষণীয়। যার ফলে আমার মনে হয় বিশ্বের কঠিন তম ক্রিকেট লিগ আইপিএল।’
প্রাক্তন নাইট অধিনায়ক ও বর্তমান কেকেআর মেন্টর গৌতম গম্ভীর এখানেই থেমে না থেকে বলেছেন, ‘সম্ভবত আইপিএল অন্যান্য লিগের তুলনায় আন্তর্জাতিক ক্রিকেটের খুব কাছাকাছি থাকবে। আর এই লিগে যদি সফল ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠতে হয় তা হলে মাঠে নেমে সবচেয়ে সেরাটা দিতে হবে।’
টিমের কী করা উচিত সে কথা বলার পাশাপাশি গৌতম গম্ভীর কেকেআর অনুরাগীদের ধন্যবাদ জানাতে ভোলেননি। তাঁর কথায়, ‘কেকেআরের অনুরাগীরা বিরাট উৎসাহ দেয়। আমাদের এ বার ওদের সমর্থনের যোগ্য মর্যাদা দিতে হবে। কেকেআর বরাবর একটা হাই প্রোফাইল দল ছিল। কিন্তু আমি সব সময় বিশ্বাস করি এই লিগ গ্ল্যামারের জন্য নয়। ক্রিকেট মাঠে আমরা যা করি সেটাই গুরুত্বপূর্ণ। কেকেআরকে মাঠের বাইরের কার্যকলাপের জন্য সবাই চিনুক তেমনটা চাই না। আমাদের মাঠের লড়াইয়ের জন্য পরিচিতি পাওয়া উচিত।’