
নয়াদিল্লি: দীর্ঘ ৯ বছর পর দিল্লি ক্যাপিটালসে ওয়াপসি কেভিন পিটারসেনের (Kevin Pietersen)। ২০১২ থেকে ২০১৪ সাল অবধি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে খেলেছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার কেপি। এ বার ১৮তম আইপিএল শুরু হওয়ার আগে সেই দিল্লি শিবিরেই ফিরলেন পিটারসেন। দলের প্রাক্তন অধিনায়ককে বড় দায়িত্ব দিয়েছে দিল্লি। পঁচিশের আইপিএলের আগে পুরো কোচিং টিম বদলে ফেলেছে দিল্লি। সেখানে এ বার এক বিশেষ ভূমিকায় পিটারসেন।
লোকেশ রাহুল এ বছর আইপিএলে খেলবেন দিল্লি ক্যাপিটালসে। এ বার সেই টিমের মেন্টর হলেন কেভিন পিটারসেন। দিল্লির হেড কোচ করা হয়েছে হেমঙ্গ বাদানিকে। তাঁর সহকারী কোচ ম্যাথু মট। দিল্লির বোলিং কোচ হয়েছেন মুনাফ প্যাটেল। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন বেণুগোপাল রাও।
২০০৯ সাল থেকে ২০১৪ অবধি আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন কেপি। তিনি দুটো মরসুম আরসিবিতে খেলেছিলেন। পরে চলে যান দিল্লিতে। ২০১৪ সাল অবধি দিল্লিতে খেললেও পরবর্তীতে টিমের অন্যতম মালিক জিএমআর গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক তাঁর বরাবরই ভালো ছিল। গত বছরের সেপ্টেম্বরে হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের মালিকানা কেনে জিএমআর গোষ্ঠী। সেই ডিলের নেপথ্যে বড় ভূমিকা ছিল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের। আপাতত তিনি পেলেন এ বার নতুন দায়িত্ব।
আইপিএল ছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন কেভিন পিটারসেন। সব মিলিয়ে তিনি ২০০টি টি-টোয়েন্টি খেলেছেন। করেছেন ৫৬৯৫ রান। আইপিএলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের হয়ে ১৫টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। ইংল্যান্ডের জার্সিতে ১০৪টি টেস্টে ৮১৮১ রান করেছেন কেপি। এ ছাড়া ১৩৬টি ওডিআই এবং ৩৭টি টি-২০-তে তিনি যথাক্রমে করেছেন ৪৪৪০ ও ১১৭৬ রান।