
কলকাতা: গত মরসুমে ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। চ্যাম্পিয়নও করেন। শ্রেয়স আইয়ারের নতুন ঠিকানা পঞ্জাব কিংস। আইপিএলের মেগা অকশনে তাঁকে নিয়েছে পঞ্জাব। ইতিমধ্যেই ছাপ ফেলছেন আইপিএলে। পঞ্জাব কিংসের নব-নিযুক্ত ক্যাপ্টেন শ্রেয়স এখন দলের মেরুদণ্ড। অকশনের আগে শুধুমাত্র প্রভসিমরন সিং ও শশাঙ্ক সিংকেই রিটেন করে পঞ্জাব। বাকি পুরো দলকে সাজাতে হয়েছিল নিলাম টেবিলে। মোটেই সহজ ছিল না এই কাজ। আইপিএল ট্রফি জেতা প্রাক্তন নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে পঞ্জাব তাদের নতুন ক্যাপ্টেন হিসাবে নিয়োগ করে। শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেয় পঞ্জাব কিংস।
তেমনই টি-টোয়েন্টিতে অন্যতম সেরা পেসার অর্শদীপ সিংকেও ফেরায় পঞ্জাব। দলের নির্ভরযোগ্য পেসার অর্শদীপ সিংকে ১৮ কোটিতে নেয় পঞ্জাব। জিওস্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে পঞ্জাবের লেফ্ট-আর্ম ফাস্ট বোলার টি-টোয়েন্টি তাঁর ক্রিকেটে উত্থান সম্পর্কে নানা কথা বলেছেন। তাঁর কেরিয়ারে শ্রেয়সের ভূমিকা কতটা তাও বলতে শোনা যায় তাঁর মুখে।
অর্শদীপ বলেছেন, “আমি শ্রেয়সের অধীনে আগেও খেলেছি দলীপ ট্রফিতে। আমি ওঁর সঙ্গে খেলে খুব আনন্দ পেয়েছি।” তিনি আরও বলেছেন, “শ্রেয়স সবসময় দলের প্লেয়ারদের সঙ্গে থাকে। সকলকে স্বাধীনতা দেয়। যাতে সকলেই প্রতিভা প্রমাণের সুযোগ পায়। সে ঠিক সেই কাজটাই এখানেও করেছে দলের সঙ্গে। ও সকলকে নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ দেয় এবং সবাইকে সাহস দিচ্ছে।”
অর্শদীপ আরও বলেছেন, “আইয়ার স্বার্থহীনভাবে নিজের দলের জন্য ভেবে চলেন, সতীর্থদের সাহস যোগান। তার এই মানসিকতাকে আমি সবসময় শ্রদ্ধা করি। আমার মতো বাকিরাও ওকে সাহায্য করার জন্য় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।”