
কলকাতা : পাকিস্তান মানেই যেন বিতর্ক। একের পর এক বিতর্কের ফলে নাজেহাল পাকিস্তান ক্রিকেট। এবার বিতর্কে পিএসএল। পাকিস্তান সুপার লিগে বল বিকৃতির গুরুতর অভিযোগ উঠেছে। এরপরেই বিতর্কের কেন্দ্রে হ্যারিস রউফ, ফখর জমান ও শাহিন আফ্রিদি। এই ঘটনার জন্য তাঁরা শাস্তি পেলেও বিতর্ক থামছেই না। প্রাক্তনদের নিশানায় এখন দেশের এই বিখ্যাত ক্রিকেটাররা।
রবিবার ম্যাচ ছিল লাহোর কলন্দর্স ও করাচি কিংসের। সেখানেই শেষ ওভারে করাচিকে জিততে গেলে করতে হল ১৪ রান। বল করতে যান হ্যারিস রউফ। ওভার শুরুর আগে দেখা যায় অভিযুক্ত ৩ ক্রিকেটার নিজেদের মধ্যে কথা বলছেন। সেই সময় নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করছিলেন তাঁরা। এই ঘটনা চোখ এড়ায়নি মাঠে থাকা আম্পায়ারের। তিনি বল চেয়ে নিয়েছিলেন ও তারপর অধিনায়ক শরিফুল্লাহ-র সঙ্গে কথা বলেন। এরপরেই আম্পায়ারের মনে হয়, বল বিকৃতি করা হয়েছে ফলে সঙ্গেসঙ্গে করাচিকে ৫ রান অতিরিক্ত দেন আম্পায়ার। ফলে, শেষ ওভারে তাঁদের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ৯ রান। এই রান সহজেই তুলে ফেলে জিতে যায় করাচি।
আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি শাহিন। মাঠেই খেই হারিয়ে ফেলেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে লাহোর অধিনায়ককে এই বল বিকৃতির বিষয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক বলেন,”আমি এই বিষয়ে কিছু জানি না। আমরা দেখব ক্যামেরায় কী ধরা পড়েছে। আমাদের কথা না শুনেই ৫ রান ওদের দিয়ে দেওয়া হল। এই ঘটনাটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।” রামিজের প্রশ্নও শুনে খেই হারান শাহিনও। বারবার বলেন, এই বিষয়ে তাঁরা কিছু বলতে পারবেন না। শাহিনের মত,”আপনি আম্পায়ারদের জিজ্ঞেস করছেন না কেন যে কোন যুক্তিতে বল বদল করা হল ? আমরা জিজ্ঞেস করেছিলাম এই বিষয়ে কিন্তু আমাদের সরে যেতে বলা হয়। এখন আমরা কেউ কিছু বলব না। পরে ভিডিও দেখে আলোচনা করে জানাব।”
অবশ্য পিএসএল নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটে। এই সিজনের প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই সম্পূর্ণ বদলে গিয়েছিল বলের রং। সাদা থেকে বলের রং হয়ে গিয়েছিল গোলাপি। সেই ম্যাচ ছিল এই লাহোর বনাম হায়দরাবাদ কিংসম্যানের। আসলে, বল চকচকে রাখার জন্য সব দলই নিজের জার্সিতে বল ঘষে। সেই বাদামি রংই বলে লেগে গোলাপি হয়ে গিয়েছিল। এই নিয়ে আগেই প্রশ্নও তুলেছিলেন হায়দরাবাদ অধিনায়ক মার্নাস লাবুশানে। তবে এর মধ্যেই আবার বল বিকৃতির অভিযোগ নিয়ে সরগরম পাক ক্রিকেট।