Riyan Parag smoking incident: ড্রেসিংরুমে ‘সুখটান’ রিয়ান পরাগের, কড়া শাস্তির নিদান বোর্ডের!

Riyan Parag : এই ধূমপান বিতর্ক নিয়েই নিজেদের মতামত জানিয়েছে বিসিসিআই। একজন দলের অধিনায়কের থেকে এহেন ব্যবহার কখনোই আশা করা যায় না। এই ঘটনাকে মোটেই ভালভাবে নেবে না আইপিএল কর্তৃপক্ষ। ফলে, দোষ প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে তাঁর।

Riyan Parag smoking incident: ড্রেসিংরুমে ‘সুখটান’ রিয়ান পরাগের, কড়া শাস্তির নিদান বোর্ডের!
BCCI Seeks Explanation from Riyan Parag After Viral E-Cigarette Video During RR vs PBKS Match.Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Apr 30, 2026 | 10:00 AM

কলকাতা : আইপিএল ২০২৬ (IPL 2026) এ বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাজস্থানের (Rajasthan Royals)। এর আগে ডাগ আউটে বসে মোবাইল ব্যবহার করে প্রশ্নের মুখে পড়েছিলেন দলের ম্যানেজার রুমি ভিন্দর (Romi Vinder)। তদন্তের পর তাঁকে সতর্ক করে জরিমানা করেছিল বোর্ড। এবার ড্রেসিংরুমে ই-সিগারেটের মাধ্যমে ধূমপান করে বিতর্কে জড়ালেন রাজস্থানের ক্যাপ্টেন রিয়ান পরাগ (Riyan Parag)।

ড্রেসিংরুমে ই-সিগারেটে টান রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগের। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তাঁকে ভেপার বা আধুনিক ই-সিগারেট ব্যবহার করতে দেখা যায়। সেই ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার সেই বিষয়ে মুখ খুলল বোর্ড। রিয়ানের এই আচরণ একদমই ভাল চোখে নেয়নি বোর্ড। এর ফলে শাস্তির পাশাপাশি নির্বাসন হতে পারে তাঁর।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা গিয়েছে পাঞ্জাবের ব্যাটিং চলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেটে সুখটান দিচ্ছেন রিয়ান। তাঁর হাতে ছিল একটি ভেপার। রিয়ানের মুখ থেকে ধোঁয়াও বেরোতে দেখা গিয়েছে। খেলার মাঠে নির্দিষ্ট জায়গা ছাড়া ধূমপান নিষিদ্ধ। এই নিয়মের অন্যথা হলে শাস্তি পেতে হতে পারে। আবার ই-সিগারেট সেবন করলে শাস্তি ও জরিমানার নিদান রয়েছে।

এই নিয়েই নিজেদের মতামত জানিয়েছে বিসিসিআই। বোর্ডের এক আধিকারিক বলেছেন,”আমরা রিয়ানের কাছে এই ঘটনার ব্যাখ্যা চেয়েছি। ভ্যাপিং নিষিদ্ধ। তাই ওর বয়ানের পরেই আইপিএল কর্তৃপক্ষ এই বিষয়ে ব্যবস্থা নেবে।” একজন দলের অধিনায়কের থেকে এহেন ব্যবহার কখনোই আশা করা যায় না। এই ঘটনাকে মোটেই ভালভাবে নেবে না আইপিএল কর্তৃপক্ষ। ফলে, দোষ প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে তাঁর।

আইপিএল ২০২৬ এ পাঞ্জাব এতদিন অপরাজিত ছিল। তাদের হারানো প্রথম দল হিসেবে স্বীকৃতি পেয়েছে রাজস্থান রয়্যালস। এই মুহূর্তে লিগ টেবিলের চতুর্থ স্থানে প্রথমবারের চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচ খেলে ৬ জয় ও ৩ হারসহ ১২ পয়েন্ট পেয়েছে রাজস্থান। শেষ ৫ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র ২টিতে। তবে রিয়ানের এই কান্ডে রাজস্থান ম্যানেজমেন্টের উপর যে চাপ বাড়ল, তা বলাই বাহুল্য।

Follow Us