
কলকাতা : প্রথমবার দেখলে চোখ কচলাতে হতে পারে, এটা আদৌ কি ক্রিকেট ম্যাচ চলছে নাকি ফুটবল? স্কোরকার্ড বলছে ৮-৬। ওভার ? মাত্র ৪। প্রথম ৬ জন ব্যাটারের স্কোর? ০, ১, ১, ০, ৫, ০। এমতাবস্থায় অরুণ জেটলির দর্শক হয়ত ভেবে নিয়েছিলেন ২০১৭ রানের আরসিবির করা ৪৯ রানের রেকর্ড নাহয় আজকেই ভেঙে যায়! কিন্তু সেসব কিছুই হল না। দিল্লিকে ৪৯ রানের গন্ডি টপকাতে সাহায্য করলেন চন্দননগরের অভিষেক পোড়েল। তাঁর ৩৩ বলের ৩০ রানের ইনিংসের সৌজন্যেই ৭৫ রান করল দিল্লি ক্যাপিটালস। যদিও তাতে লাভের লাভ কিছুই হয়নি। ৭ ওভারের মধ্যেই ৭৭ রান তুলে হেলায় ম্যাচ জিতল আরসিবি।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি। ম্যাচের দ্বিতীয় বলেই ভুবনেশ্বর কুমারের বলে ক্লিন বোল্ড হয়ে যান ১৮ বছরের কিশোর সাহিল পরখ। আজ আইপিএলে অভিষেক করলেন নাসিকের সাহিল। কিন্তু তাঁর প্রথম ম্যাচ একদমই স্মরণীয় করে রাখলেন না ভুবি। তারপর থেকেই যেন ধস নামল দিল্লির ব্যাটিংয়ে। যে দিল্লি পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচে ২৬৪ রান করেছিল, তারা আজ যেন শুরু থেকেই বেলাইন হয়ে গিয়েছিল। গত ম্যাচে ১৫২ রান করা কে এল রাহুল আজ ৩ বলে ১ রান করেই আউট হয়ে গেলেন। তারপরেই ল্যান্ডফল! ৮ রানে ৬ উইকেট পড়ে যায় দিল্লির। অরুণ জেটলির পিচে তখন যেন ভুবি ও হ্যাজলউড আগুন ঝরাচ্ছেন। ৮/৬ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করলেন অভিষেক পোড়েল ও ডেভিড মিলার। তবে রসিখ সালামের বলে আউট হয়ে ফিরলেন ডেভিড মিলার (১৯)। ১৩ বলে ১২ রানে ফিরলেন কাইল জেমিসন। দুর্দান্ত স্পিনে সুয়শ শর্মা বোল্ড করলেন কুলদীপ যাদবকে (১২)। ১৭ ওভারের মধ্যেই ৭৫ রানে শেষ হয়ে গেল দিল্লির ইনিংস। ৩ ওভার বল করে ৮ রান দিয়ে ৩ উইকেট পেলেন ভুবনেশ্বর কুমার। ১২ রান দিয়ে ৪ উইকেট পেলেন হ্যাজলউড। এঁদের হাতেই গতবছর ফাইনালে পাঞ্জাবকে ধরাশায়ী করেছিল আরসিবি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন জেকব বেথেল (২০)। বেথেলের আউট হওয়ার পর জলদি ম্যাচ শেষ করার দায়িত্ব নেন দেবদত্ত পাদিক্কাল। ১৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন দেবদত্ত। দলের প্রাণভোমরা বিরাট কোহলি অপরাজিত রইলেন ১৫ বলে ২৩ রানে। আজকের ম্যাচে কোহলি ছুঁলেন টি২০ ক্রিকেটে ৯০০০ রানের অনন্য রেকর্ড। সেই সঙ্গে ৯ উইকেটে জিতে নিজেদের প্লে-অফের রাস্তা আরও প্রশস্ত করল আরসিবি।
২০২৪ সালে ইডেনে কেকেআর ম্যাচ ১ রানে হারার পর থেকেই যেন আমূল বদলে গিয়েছে আরসিবি। ২০২৪ এ টানা ৬ ম্যাচ জিতে প্লে-অফে কোয়ালিফাই করেছিল বেঙ্গালুরু। ২০২৫ সালে পাঞ্জাব কিংস কে হারিয়ে প্রথম আইপিএল জয়। ২০২৬ এ দুই ম্যাচ হারলেও এখনও অপ্রতিরোধ্য লাগছে কোহলিদের। আইপিএলের ইতিহাসে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে একমাত্র দুই দল। ২০১০ ও ২০১১ সালে চেন্নাই, এবং ২০১৯-২০ সালে মুম্বই। এই বছর জিতলে তৃতীয় দল হিসেবে জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তাঁদের সামনে এখন কাঁটা একটাই। এই আইপিএলে এখনও অপ্রতিরোধ্য ও অপরাজেয় থাকা পাঞ্জাব। এই বারও ২০২৫ সালের আইপিএলের ফাইনালের রিপিট যদি ৩১ মে চিন্নাস্বামীতে হয়, তাহলে বোধহয় অবাক হওয়ার কিছুই থাকবে না।