England vs India: রোহিতের সেঞ্চুরিতেও হল না শেষরক্ষা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হার ভারতের!

Rohit Sharma: আগেই শোনা গিয়েছিল এই ম্যাচ নাকি রোহিত শর্মার শেষ ম্যাচ। তবে এই তৃতীয় ওয়ান ডে-তে যাবতীয় জল্পনা উড়িয়ে সেঞ্চুরি করলেন রোহিত। নিজের ফর্মের ঝলক দেখালেন বিরাট কোহলিও। লর্ডসে প্রথম হাফ সেঞ্চুরি করলেন রানমেশিন কোহলি। রোহিত ভাঙলেন সৌরভের রেকর্ড।

England vs India: রোহিতের সেঞ্চুরিতেও হল না শেষরক্ষা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হার ভারতের!
রোহিত শর্মা!Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 20, 2026 | 1:10 AM

লর্ডস : ১০ ওভার আগেও এই ম্যাচটা টিভিতে চালালে কে বলত, ভারত এই ম্যাচ হারতে চলেছে? ক্রিজে তখন মারমুখী রোহিত শর্মা, বিরাট কোহলি। ততক্ষনে সেঞ্চুরি করে ফেলেছেন হিটম্যান। যেভাবে আজ ম্যাচের আগে তাঁকে নিয়ে যাবতীয় প্রশ্নের ফার্নেস ধিকিধিকি জ্বলছিল, সেগুলোই আজ সেঞ্চুরির পর নিভে যাবে, এমনই আশা করা যায়। তবে চূড়ান্ত বোলিং ব্যর্থতার নিদর্শন দিলেন বোলাররা। একই সঙ্গে রান তাড়া করার সময় রোহিত-বিরাট আউট হতেই সেই হারাকিরি। একের পর এক উইকেট পড়তে লাগল ভারতের। অবশেষে ৩৮৮ রান তাড়া করতে নেমে ২৭ রানে হার ভারতের। একই সঙ্গে সিরিজও হাতছাড়া।

রোহিতের আজকের ইনিংস দেখে বারবার মনে পড়ছিল ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের কথা, যেখানে ৫ খানা সেঞ্চুরি তিনি করেছিলেন এই ইংল্যান্ডের মাটিতেই। তবে আজ প্রথমে ব্যাট করে রানের পাহাড় তুলেছিল ইংল্যান্ড। করেছিল ৩৮৭/৩। ১৩৫ বলে ১৪১ করেছিলেন বেন ডাকেট। আরসিবিতে খেলে যাওয়া জেকব বেথেল করলেন ৯১ রান। বড় রান পেলেন জো রুট, করলেন ৭৪ রান, খেললেন ৪৮ বল। প্রথম থেকেই বিপাকে পড়েছিল ভারত। ১৯২ রানে পড়ল ইংল্যান্ডের প্রথম উইকেট। ভারতের বোলিং জুড়ে শুধুই শোচনীয় পারফরম্যান্স। ১০ ওভার বল করে ৯৭ রান দিলেন গুরনুর ব্রার। ৭২ দিয়েছেন অর্শদীপ সিং। প্রসিদ্ধ কৃষ্ণা ২ উইকেট পেলেও রান দিয়েছেন ৬৯।

জবাবে ব্যাটে নেমে পাল্টা লড়াই শুরু করে ভারতও। ১৪৭ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। ৭৭ রান করলেন ক্যাপ্টেন গিল। তবে রোহিতের কথা না বললেই নয়, ১৩৮ রান করলেন ১১০ বলে। মেরেছেন ১৭টি চার, ৫টি ছয়। লর্ডসের মাটিতে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় হয়ে গেলেন রোহিত। কেরিয়ারের ৩৪তম সেঞ্চুরি করলেন হিটম্যান। রান পেলেন কোহলিও। লর্ডসে নিজের কেরিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করলেন বিরাট। তবুও, ৪৫ ওভারের মধ্যে এই দুই স্তম্ভ আউট হতেই যেন হারাকিরি পড়ে গেল ভারতীয় ব্যাটিং অর্ডারে। শ্রেয়স (০) থেকে রাহুল (১২) – কেউই চাপ নিতে পারলেন না। ৩০৪/৩ থেকে ৩৬০/৭ এ থামল ভারত। ৪ উইকেট পেলেন স্যাম কারান।

প্রথমে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ হার, তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ হার, আবার ওয়ান ডে সিরিজ হার। হেরেই চলেছে ভারত। কেন জিতছে না, কবে জিতবে – এই সব প্রশ্নের উত্তর খুঁজতে হবে গম্ভীর অ্যান্ড কোংকে – নাহলে সামনে কিন্তু সমূহ বিপদ।

Follow Us