CT 2025, AUS vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অ্যাসেজ, নজরে ট্রাভিস হেড

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবেই ম্যাকালামকে সাদা-বলের ক্রিকেটেও কোচ করা হয়। কিন্তু জস বাটলার-ম্যাকালাম জুটি সাদা বলের ক্রিকেটে প্রত্যাশিত সাফল্য পাননি। এমন পরিস্থিতিতে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'অ্যাসেজ'।

CT 2025, AUS vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অ্যাসেজ, নজরে ট্রাভিস হেড
Image Credit source: ICC

Feb 22, 2025 | 4:05 PM

সদ্য ভারতের মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেও একই হাল। ক্লিনসুইপ হয়েছে ইংল্যান্ড। ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপেও খুব একটা ভালো পারফরম্যান্স হয়নি। প্রাথমিক ভাবে টেস্ট টিমের দায়িত্বে ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবেই ম্যাকালামকে সাদা-বলের ক্রিকেটেও কোচ করা হয়। কিন্তু জস বাটলার-ম্যাকালাম জুটি সাদা বলের ক্রিকেটে প্রত্যাশিত সাফল্য পাননি। এমন পরিস্থিতিতে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘অ্যাসেজ’।

চ্য়াম্পিয়ন্স ট্রফির ম্যাচ আজ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডের যেমন ছন্দের অভাব একই ভাবে অস্ট্রেলিয়া শিবিরে একঝাঁক সুপারস্টারের অনুপস্থিতি। বিশেষ করে বোলিং আক্রমণে নেই প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক। প্রথম দু-জন চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। স্টার্ক ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন।

স্টিভ স্মিথের ক্যাপ্টেন্সিতে নামছে অস্ট্রেলিয়া। তাদের ব্যাটিংয়ে বড় ভরসা ট্রাভিস হেড। ভারতে ওয়ান ডে বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সদ্য বর্ডার-গাভাসকর ট্রফি। আর গত আইপিএল। গত দেড় দু-বছরে স্বপ্নের ফর্মে ট্রাভিস হেড। সঙ্গে ব্যাটিংয়ে স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনের মতো অভিজ্ঞ ব্যাটারও রয়েছে। টপ অর্ডারে অবশ্য অভিজ্ঞতা কম। তবে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও রয়েছেন। ইংল্যান্ডের ভরসা বেন ডাকেট ও ফিল সল্ট। ভারতের বিরুদ্ধে দুই সিরিজে হারলেও ওপেনিং জুটি ভরসা দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অ্যাসেজ আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে, প্রত্যাশা করাই যায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us