INDvENG : নক আউটে সঞ্জু শো, ওয়াংখেড়েতে রানের এভারেস্টে ভারত!

আজ ওয়াংখেড়েতে যেন চাঁদের হাট বসেছে। রোহিত শর্মা, সস্ত্রীক ধোনি, সপরিবারে রণবীর কপূর, নীতা আম্বানি, বরুণ ধাওয়ান, অনিল কপূর, কে এল রাহুল, আহান শেট্টি - কে না আসেননি আজ ভারতের জয় দেখতে ? তাঁদের সামনেই স্কোরবোর্ডে ২৫৩/৭ তুলে ভারত প্রমান করল, শেষ ল্যাপে কিউয়িদের মোকাবিলা করতে তৈরী সূর্য ব্রিগেড।

INDvENG : নক আউটে সঞ্জু শো, ওয়াংখেড়েতে রানের এভারেস্টে ভারত!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 05, 2026 | 11:31 PM

 

কলকাতা : নিজের রাশিফলে কি পরিবর্তন লক্ষ্য করেছেন সঞ্জু স্যামসন ? নাহলে একমাসের মধ্যে এমন চড়াই-উৎরাই কীকরে হয় ? জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ভাগ্যের জোরে সপ্তম স্বর্গে সঞ্জু। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় করেছিলেন ৯৭। অপরাজিত ছিলেন সেই ম্যাচে। সেখান থেকেই শুরু করে আজ করলেন ৮৯। তাঁর সামনে একসময় রীতিমতো পাড়ার বোলার মনে হচ্ছিল কারান, আর্চারদের। টানা দুই ম্যাচে দুই শতরান হাতছাড়া হল তাঁর।

একমাস আগেও নিউজিল্যান্ড সিরিজে টানা ব্যর্থ হচ্ছিলেন সঞ্জু। ৫ ম্যাচে মাত্র ৪৬ রান করেছিলেন তিনি। সর্বোচ্চ ছিল ২৪। এই বিশ্বকাপেও একসময় অভিষেকের বদলি হিসেবে দলে এসেছিলেন তিনি। নামিবিয়ার বিরুদ্ধে ভাল শুরু করেও জলদিই আউট হয়ে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত না হারলে ওপেনিং কম্বিনেশনে বদলই করত না ভারতীয় ম্যানেজমেন্ট। সুপার এইটে শেষ ম্যাচে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ম্যাচেই যাবতীয় অপমান, ব্যর্থতা, তাঁকে নিয়ে লোফালুফি – সবকিছুরই চূড়ান্ত বদলা নিয়েছিলেন। ৩ রানের জন্য আসেনি সেঞ্চুরি। আজ সেখান থেকেই শুরু সঞ্জুর। প্রথম ওভারেই এল ১১ রান। ১৫ রানের মাথায় তাঁর যে ক্যাচটা ফেললেন ইংল্যান্ড অধিনায়ক, ওই ক্যাচটা অনুর্দ্ধ ১৩ ক্রিকেটের শিক্ষানবিশ কিশোরও ধরে নেবে। আজ স্যাম কারান, আর্চার, লিয়াম ডসন – যিনি এসেছেন, তাঁকেই মাঠের বাইরে পাঠিয়েছেন সঞ্জু। মাঝের ওভারে সঞ্জু ও ঈশান কিষানের (৩৯) জন্যেই ঝড়ের গতিতে রান তোলে ভারত। প্রায় ২১২ স্ট্রাইক রেট নিয়ে সঞ্জু মারলেন ৮টি বাউন্ডারি, ৭টি ওভার বাউন্ডারি। ফিল সল্টের তালুবন্দি হয়ে যখন তিনি ফিরলেন, তখন ভারতের স্কোর ১৩ ওভারে ১৬০/৩। চাপের মুখে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে ব্যর্থ অধিনায়ক সূর্য। ৬ বলে ১১ রানে আউট হলেন তিনি। গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচে আমেরিকা ছাড়া সব ম্যাচে ব্যর্থ অধিনায়ক।

গতকালই দক্ষিণ আফ্রিকাকে ঘরে ফেরার টিকিট ধরিয়ে আহমেদাবাদে ফাইনাল খেলতে পৌঁছে যাবে নিউজিল্যান্ড। আজ ভারত জিতলে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালের পর আবার কোনও আইসিসি টুর্নামেন্টের নক আউটে মুখোমুখি হবে ভারত ও কিউয়িরা। আজ ওয়াংখেড়েতে যেন চাঁদের হাট বসেছে। রোহিত শর্মা, সস্ত্রীক ধোনি, সপরিবারে রণবীর কপূর, নীতা আম্বানি, বরুণ ধাওয়ান, অনিল কপূর, কে এল রাহুল, আহান শেট্টি – কে না আসেননি আজ ভারতের জয় দেখতে ? তাঁদের সামনেই স্কোরবোর্ডে ২৫৩/৭ তুলে ভারত প্রমান করল, শেষ ল্যাপে কিউয়িদের মোকাবিলা করতে তৈরী সূর্য ব্রিগেড। এই রান তুলতে গেলে আজ ইংল্যান্ডের ব্যাটারদের অতিমানবিক হতে হবে। ধুর, রোজ রোজ ম্যাজিক হয় নাকি ?