
রাঁচি: দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে সমতা ফেরাল ভারত (India)। লখনউতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হেরেছিল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসন শেষ অবধি লড়াই চালিয়ে গেলেও দলকে জেতাতে পারেননি। ৯ রানে প্রথম ওয়ান ডে ম্যাচে হেরেছিল ভারত। সিরিজে টিকে থাকতে হলে ভারতকে আজ জিততেই হত। আর সেটাই করে দেখাল টিম ইন্ডিয়া। সিরাজ-শাহবাজ-কুলদীপরা ৩০০ রান অবধি পৌঁছতে দেয়নি দক্ষিণ আফ্রিকাকে (South Africa)। ২৭৯ রানের টার্গেট ছিল ভারতের সামনে। দুরন্ত ছন্দে ছিলেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। মাত্র ৭ রানের জন্য শতরান হাতছাড়া হয় ঈশানের। শিখর ধাওয়ানের ডেপুটি শ্রেয়স আইয়ার দায়িত্ব পালন করলেন যথাযথ। ১১৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে দলকে জিতিয়ে, সিরিজে সমতা ফিরিয়ে মাঠ ছাড়লেন।
৪৩তম ওভারে কাগিসো রাবাডার দ্বিতীয় বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন শ্রেয়স আইয়ার। আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারে এটি শ্রেয়স আইয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
আন্তর্জাতিক কেরিয়ারে ওয়ান ডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কাছ থেকে ফিরে যেতে হল ভারতের তরুণ তুর্কি ঈশান কিষাণে। ৯৩ রানের মাথায় উইকেট দিয়ে বসলেন ঈশান। ৯৩ রানের দুরন্ত ইনিংস গড়ার পথে ৪টি চার ও ৭টি ছয় এসেছে ঈশানের ব্যাটে।
২ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণের ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।
আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি শ্রেয়স আইয়ারের।
রাঁচিতে দ্বিতীয় ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ঈশান কিষাণ। আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারে ঈশানের এটি তৃতীয় হাফসেঞ্চুরি।
শুভমন গিলের উইকেট তুলে নিলেন কাগিসো রাবাডা। নবম ওভারের পঞ্চম বলে রাবাডার হাতেই ক্যাচ আউট হলেন গিল। ২৬ বলের মোকাবিলা করে ২৮ রান করে গেলেন তিনি।
ষষ্ঠ ওভারের শেষ বলে ভারত অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলেন ওয়েন পার্নেল। ২০ বলে ১৩ রান করে মাঠ ছাড়লেন শিখর।
টিম ইন্ডিয়ার টার্গেট ২৭৯। রান তাড়া করতে নামলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল।
ওয়েন পার্নেলের উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর। ২২ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন পার্নেল।
৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ২২১। ক্রিজে ওয়েন পার্নেল ও ডেভিড মিলার। পার্নেল ব্যাট করছেন ৩ বলে ৩ রানে। ৭ বল খেলে মিলার তুলেছেন ৩ রান।
৩৯তম ওভারের দ্বিতীয় বলে এইডেন মার্করামের উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। ৮৯ বলের মোকাবিলা করে ৭৯ রান করে মাঠ ছাড়লেন মার্করাম। ৭৯ রানের ইনিংস গড়ার পথে মার্করামের ব্যাট থেকে এসেছে ৭টি চার ও ১টি ছয়।
ভারতকে চতুর্থ সাফল্য এনে দিলেন কুলদীপ যাদব। ২৬ বলে ৩০ রান করে মাঠ ছাড়লেন হেনরিখ ক্লাসেন। তাঁর ব্যাট থেকে এসেছে ২টি চার ও ২টি ছয়।
৩৭তম ওভারে আবেশ খানের দ্বিতীয় বলে চার মেরে দক্ষিণ আফ্রিকার দু’শোর গণ্ডি পূরণ করলেন হেনরিখ ক্লাসেন।
৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১৯২। ক্রিজে এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেন। মার্করাম ব্যাট করছেন ৮২ বলে ৭৪ রানে। ক্লাসেন রয়েছেন ১৩ বলে ১২ রানে।
অবশেষে ভারতকে তৃতীয় উইকেট এনে দিলেন মহম্মদ সিরাজ। বিধ্বংসী এইডেন-রিজা জুটিকে ভাঙলেন সিরাজ। ৭৪ রান করে মাঠ ছাড়লেন রিজা। ৯টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো ছিল রিজার এই দুরন্ত ইনিংস।
দক্ষিণ আফ্রিকার ইনিংস বাকি এখনও ২০ ওভারের। ৩০ ওভার শেষে স্কোরবোর্ডে নজর রাখলে দেখা যাবে মাত্র ২টি উইকেট পেয়েছেন সিরাজ-শাহবাজরা। তারপর থেকে চলছে এইডেন-রিজা শো। ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৫৭/২
রীতিমতো দাপট দেখিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এইডেন-রিজা জুটি। ১৮ ওভার একসঙ্গে মাঠে কাটিয়ে ১০০ রানের পার্টনারশিপ গড়ল এইডেন-রিজা জুটি।
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে রাঁচিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন প্রোটিয়া তারকা এইডেন মার্করাম। তাঁর আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি এটি।
ভারতের বিরুদ্ধে রাঁচিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি রিজা হেন্ড্রিক্সের। রিজার আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি এটি। ২৬তম ওভারে সিঙ্গলস নিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন রিজা।
দ্বিতীয় একদিনের ম্যাচে প্রোটিয়াদের ইনিংসের ২৫ ওভারের খেলা শেষ। এইডেন-রিজা জুটিকে ক্রিজ থেকে টলাতে পারছেন না কুলদীপরা। ২৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১২২।
এইডেন-রিজা জুটিকে ভাঙতে পারছেন না ভারতীয় বোলাররা। এই জুটিতে ভর করে ১০০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা
এইডেন মার্করাম ও রিজা হেন্ড্রিক্স এগিয়ে নিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। মার্করাম-হেন্ড্রিক্সের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ
এইডেন মার্করাম ও রিজা হেন্ড্রিক্স জুটিতে এগোচ্ছে প্রোটিয়ারা। প্রথম ১৫ ওভারের খেলা শেষ। এই মুহূর্তে ২ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে ৬০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
রাঁচিতে চলছে দ্বিতীয় একদিনের ম্যাচ। প্রোটিয়াদের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৪০ রান।
১০তম ওভারের পঞ্চম বলে জানেমন মালানের উইকেট তুলে নিলেন শাহবাজ আহমেদ। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছে শাহবাজ আহমেদের।
পড়ুন বিস্তারিত: India vs South Africa: অপেক্ষার ইতি, আন্তর্জাতিক অভিষেক বাংলার শাহবাজের
শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ। তৃতীয় ওভারের প্রথম বলেই কুইন্টন ডি’ককের উইকেট তুলে নিলেন সিরাজ। ৫ রান করে মাঠ ছাড়লেন প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার।
রাঁচিতে শুরু হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে নামলেন জানেমন মালান ও কুইন্টন ডি’কক।
ভারতীয় দলে আজ দুই পরিবর্তন।
এক নজরে দেখে নিন ভারতের একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও আবেশ খান।
তেম্বা বাভুমা ও তাবরাইজ শামসি অসুস্থ থাকার জন্য প্রোটিয়া দলে দুটি পরিবর্তন হয়েছে।
এক নজরে দেখে নিন দক্ষিণ আফ্রিকার একাদশ: জানেমন মালান, কুইন্টন ডি’কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কেশব মহারাজ (অধিনায়ক), কাগিসো রাবাডা, লুনগি এনগিডি ও বিয়ন ফরচুন।
তেম্বা বাভুমার জায়গায় শিখর ধাওয়ানের সঙ্গে টস করতে এলেন কেশব মহারাজ। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কেশব।
আজ প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হল শাহবাজ আহমেদের।
সিরিজে ইতিমধ্যেই পিছিয়ে। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে। প্রথম ম্যাচ হারলেও শ্রেয়স-সঞ্জু স্যামসন, শার্দূলদের লড়াই ইতিবাচক দিক।
পড়ুন বিস্তারিত: India vs South Africa: সিরিজ বাঁচানোর ম্যাচ ভারতের, তাড়া করছে বৃষ্টিও
আজ রাঁচিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। তার প্রস্তুতি পূর্ণ ধাওয়ানদের।