T20 World Cup 2024: বিশ্বকাপের টিমে নেই লোকেশ রাহুল? নতুন মুখ হতে পারেন বাঁ হাতি পেসার মহসিন খান!
বিশ্বকাপের টিম বাছার আগে একটা প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে, বিরাট কোহলিকে বাদ দিয়েই বিশ্বকাপের টিম তৈরি হবে ভারতের? সে সম্ভাবনা নেই। আইপিএলে পর পর দুটো হাফসেঞ্চুরি করে বিরাট বুঝিয়ে দিয়েছেন, তাঁকে বাদ দিয়ে জয়ের স্বপ্ন দেখতে পারবে না রোহিত শর্মার টিম। তা হলে কী হতে পারে বিশ্বকাপের ১৫ জনের টিম? উত্তরপ্রদেশের এক বাঁ হাতি পেসারের নাম ভাসছে।

কলকাতা: জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। এপ্রিলের মাঝেই বিশ্বকাপের টিম বেছে নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের (IPL) পারফরম্যান্স এ ক্ষেত্রে নিতে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু বিশ্বকাপের টিম বাছার আগে একটা প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে, বিরাট কোহলিকে বাদ দিয়েই বিশ্বকাপের টিম তৈরি হবে ভারতের? সে সম্ভাবনা নেই। আইপিএলে পর পর দুটো হাফসেঞ্চুরি করে বিরাট বুঝিয়ে দিয়েছেন, তাঁকে বাদ দিয়ে জয়ের স্বপ্ন দেখতে পারবে না রোহিত শর্মার টিম। তা হলে কী হতে পারে বিশ্বকাপের ১৫ জনের টিম? উত্তরপ্রদেশের এক বাঁ হাতি পেসারের নাম ভাসছে।
আইপিএল প্রতিবার জন্ম দেয় নতুন নায়কের। তাঁরা জায়গা করে নেন ভারতীয় টিমে। গতবার ঠিক এ ভাবেই উঠে এসেছেন রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের বোলার যশ দয়ালের বিরুদ্ধে পর পর পাঁচটা ছয় মেরে হতবাক করে দিয়েছিলেন ক্রিকেট দুনিয়াকে। সেই রিঙ্কুকে আর থামানো যায়নি। দ্রুত জায়গা করে নিয়েছেন ভারতীয় টিমে। ফিনিশার হিসেবে একাদশে জায়গাও করে নিয়েছেন। বিশ্বকাপের টিমে তাঁর জায়গা পাকা। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে এ বার বিশ্বকাপ আয়োজিত হবে। এই দুই দেশের কন্ডিশন ভারতেরই মতো। তাই রোহিতের টিমের বিশ্বকাপ জেতার সম্ভাবনা প্রবল। সেই কারণেই এমন টিম নির্বাচকরা বানাতে চাইছেন, যাঁদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না। সেই মতোই টিম বানালেন ইরফান পাঠান। ইএসপিএন-ক্রিকইনফোর ইউটিউব চ্যানেলে তিনি বেছেছেন ১৫ জনের টিম। সেই টিমেই জায়গা করে নিয়েছেন মহসিন খান।
রোহিত শর্মা, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা স্বাভাবিক ভাবেই জায়গা করে নিয়েছেন। সূর্যকে নিয়ে দুশ্চিন্তা থাকছে। দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাডেজা। দুই কিপার হিসেবে লোকেশ রাহুল, ঋষভ পন্থের সঙ্গে লড়াইয়ে থাকবেন জিতেশ শর্মাও। ইরফানের মনে হচ্ছে, দুই কিপার হিসেবে টিমে জায়গা পাওয়া উচিত পন্থ ও জিতেশের। এমনিতেও রাহুলের চোট নিয়ে জল্পনার শেষ নেই। গত আইপিএল ম্যাচেই তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন। রানও করতে পারেননি। ক্যাপ্টেন্সি করেছিলেন নিকোলাস পুরান। ফলে, এই সময়ের মধ্যে তিনি ফিট হবেন কিনা, তা নিয়ে থাকছে প্রশ্ন।
দুই স্পিনার হিসেবে ইরফান টিমে রেখেছেন কুলদীপ যাদব ও রবি বিষ্ণোইকে। আর পেসার হিসেবে রাখছেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। তৃতীয় পেসার হিসেবে, আরও ভালো করে বললে বাঁ হাতি পেসার হিসেবে অর্শদীপ সিং ও মহসিন খানের মধ্যে কাকে বাছতে চাইছেন ইরফান? মহসিন খানের পাল্লা ভারী। আইপিএলের প্রথম দুটো ম্য়াচে মোট তিনটে উইকেট নিয়েছেন মহসিন। লখনউ সুপার জায়ান্টসের পেসার আবার উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক ছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটেও তিনি সাফল্য পেতে পারেন।
