Mitchell Starc: গভীর রাতে কলকাতায় স্টার্ক, আজই ইডেনে নামছেন IPL এর সবচেয়ে দামি ক্রিকেটার!

KKR, IPL 2024: কলকাতায় নাইট শিবির শুরু হওয়ার আগে মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে প্রস্তুতি শুরু করেছিলেন নাইটরা। ইডেনে কয়েকদিন হল অনুশীলন করছে কিং খানের দল। ২০২৪ সালের আইপিএল নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অজি ক্রিকেটারকে কিনেছিল কেকেআর। আজ কি ইডেনে নেমে পড়বেন আইপিএলের সবচেয়ে দামি স্টার্ক?

Mitchell Starc: গভীর রাতে কলকাতায় স্টার্ক, আজই ইডেনে নামছেন IPL এর সবচেয়ে দামি ক্রিকেটার!
গভীর রাতে কলকাতায় স্টার্ক, আজই ইডেনে নামছেন IPL এর সবচেয়ে দামি ক্রিকেটার!Image Credit source: KKR Knight Club

Mar 18, 2024 | 1:16 PM

কলকাতা: নাইট সংসার এ বার আরও মজবুত হল। অধিনায়ক শ্রেয়স আইয়ার কেকেআর (KKR) শিবিরে যোগ দেওয়ার পরের দিনই কলকাতায় পা রাখলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক (Mitchell Starc)। একদিকে কেকেআরের ইন্ট্রা স্কোয়াড প্র্যাক্টিস ম্যাচ চলছে, অন্যদিকে প্রায় সেই সময়ে এল দারুণ খবর। রবিবার মধ্যরাতে শহরে এসেছেন বিশ্বজয়ী অজি তারকা ক্রিকেটার। কলকাতায় নাইট শিবির শুরু হওয়ার আগে মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে প্রস্তুতি শুরু করেছিলেন নাইটরা। ইডেনে কয়েকদিন হল অনুশীলন করছে কিং খানের দল। ২০২৪ সালের আইপিএল (IPL) নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অজি ক্রিকেটারকে কিনেছিল কেকেআর। আজ কি ইডেনে নেমে পড়বেন আইপিএলের সবচেয়ে দামি স্টার্ক?

উল্লেখ্য, রবিবার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে কেকেআর। টিম গোল্ড বনাম টিম পার্পল। আজ যে কারণে ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছে। সকাল ১১.৩০ থেকে দুপুর ২.৩০ অবধি হোটেলেই ক্রিকেটারদের জন্য জিম সেশন রাখা হয়েছে। যদিও সেটা অপশনাল। অর্থাৎ যে ক্রিকেটারদের ইচ্ছে হবে, তাঁরা জিমে সময় কাটাতে পারেন। এ ছাড়া দুপুর ১.৩০ নাগাদ ইডেনে ৩ জন ক্রিকেটার এবং ৪ জন সাপোর্ট স্টাফের আসার কথা রয়েছে। দুপুর ২টো থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত ইডেনে ঐচ্ছিক অনুশীলন রাখা হয়েছে।

নাইট অনুরাগীরা এতদিন টিমে স্টার্কের যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন। রবিবার রাতে তিনি শহরে আসায়, মনে করা হচ্ছে আজ, সোমবার তিনি ইডেনে নামবেন। ২৩ মার্চ এ বারের আইপিএল যাত্রা শুরু করবে কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কয়েকদিন আগেই মিচেল স্টার্ক জানান কেকেআরের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ২০১৮ সালেও তাঁকে কিনেছিল কেকেআর। কিন্তু তিনি সে বার খেলতে পারেননি। ফলে এ বার আইপিএলে নাইট জার্সিতে খেলার জন্য একটু বেশিই উত্তেজিত স্টার্ক।

Follow Us