Mohammed Siraj: লাবুশেনের সঙ্গে বাগযুদ্ধে জড়ানোর মাশুল, পিঙ্ক বল টেস্ট শেষ হলেই বড়সড় শাস্তির মুখে সিরাজ!

IND vs AUS, Pink Ball Test: মহম্মদ সিরাজ অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন মার্নাস লাবুশেনের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল।

Mohammed Siraj: লাবুশেনের সঙ্গে বাগযুদ্ধে জড়ানোর মাশুল, পিঙ্ক বল টেস্ট শেষ হলেই বড়সড় শাস্তির মুখে সিরাজ!
Mohammed Siraj: লাবুশেনের সঙ্গে বাগযুদ্ধে জড়ানোর মাশুল, পিঙ্ক বল টেস্ট শেষ হলেই বড়সড় শাস্তির মুখে সিরাজ! Image Credit source: PTI

Dec 07, 2024 | 12:06 PM

কলকাতা: বেশি উত্তেজিত হয়ে এ বার বড়সড় শাস্তির মুখে কি পড়তে হবে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)? বিষয়টা একটু পরিষ্কার করা যাক। বর্তমানে তিনি ব্যস্ত অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে। প্রথম দিন অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন তিনি মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne) সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। একদলের বক্তব্য সিরাজের রেগে গিয়ে ওই প্রতিক্রিয়া দেওয়ার যথেষ্ট কারণ ছিল। অপর দলের প্রশ্ন, একটু কি বেশিই রিঅ্যাক্ট করে ফেলেছেন সিরাজ? আইসিসি কি বলছে?

আসলে অ্যাডিলেড টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস চলাকালীন সিরাজের ১০তম ওভারে ঘটে সেই ঘটনা। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৫তম ওভার চলাকালীন ক্রিজে ছিলেন মার্নাস লাবুশেন। তখন বল করছিলেন সিরাজ। সাইট স্ক্রিনের পাশ দিয়ে এক দর্শক হেঁটে পেরোচ্ছিলেন। যাঁকে দেখে লাবুশেনের মনোসংযোগে ব্যাঘাত ঘটে। বিয়ার-স্নেক নিয়ে সাইট স্ক্রিনের পাশে ওই দর্শক পেরোনোর সময় লাবুশেন ভারতের পেসার সিরাজকে ডেলিভারি দিতে নিষেধ করেন। তাতে রেগে যান সিরাজ। তিনি বল ছুড়ে দেন স্টাম্পের দিকে। পাশ দিয়ে বল বেরিয়ে যায়। এরপরই লাবুশেন ও সিরাজের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

সিরাজের রাগের মাথায় ওই বল ছোড়া আইসিসির চোখে অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী অ্যাডিলেড ওভালে চলা বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের শেষে শাস্তি হতে পারে সিরাজের। আইসিসি কোড অব কনডাক্ট অনুযায়ী সিরাজ নিয়মভঙ্গ করেছেন। ২.৯ ধাকা অনুযায়ী সিরাজ যে কারণে দণ্ডিত হতে পারেন – কোনও প্লেয়ার, প্লেয়ার সাপোর্ট পার্সোনাল, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনও তৃতীয় ব্যক্তির কাছে একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অপ্রয়োজনীয় অবস্থায় কোনও বোলার বল ছুড়লে। এই ধারা থেকে একটি বিষয় পরিষ্কার যে, কোনও বোলার বা ফিল্ডার রান আউটের চেষ্টা করলে বা স্টাম্পিং করার চেষ্টা করলে তা কোনও অপরাধ নয়।

সিরাজের ক্ষেত্রে তিনি হয়তো লেভেল ১ নিয়মভঙ্গের কারণে শাস্তি পাবেন। তাঁর ডেলিভারি লাবুশেনের গায়ে লাগেনি। কিন্তু সিরাজ অপ্রয়োজনে ওই বল ছুড়েছিলেন। এ বার দেখার দিন-রাতের টেস্ট শেষে ঠিক কী হয় সিরাজের সঙ্গে।

 

 

Follow Us