Rohit-Virat: রো-কোর শেষ ম্যাচ? ড্রেসিংরুমের খবর জানিয়ে দিলেন শুভমন গিল

ICC Men's Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। আবারও জল্পনা। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজার মতো সুপারস্টাররা কি এ বার ওয়ান ডে ফরম্যাটেও দেশের জার্সিকে বিদায় জানাবেন? সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নের জবাব দিলেন ভাইস ক্যাপ্টেন শুভমন গিল।

Rohit-Virat: রো-কোর শেষ ম্যাচ? ড্রেসিংরুমের খবর জানিয়ে দিলেন শুভমন গিল
Image Credit source: PTI

Mar 08, 2025 | 8:37 PM

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটা আন্দাজ করা গিয়েছিল। হয়তো বিরাট-রোহিত এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানাবেন। শেষ অবধি তেমনই হয়েছিল। বিশ্বকাপ জিতে ম্যাচের সেরার পুরস্কার হাতে বিরাট কোহলি ঘোষণা করে দেন। এরপর সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মাও জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর খেলবেন না। পরদিন একই ঘোষণা রবীন্দ্র জাডেজারও। কাল চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। আবারও জল্পনা। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজার মতো সুপারস্টাররা কি এ বার ওয়ান ডে ফরম্যাটেও দেশের জার্সিকে বিদায় জানাবেন? সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নের জবাব দিলেন ভাইস ক্যাপ্টেন শুভমন গিল।

মেগা ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে শুভমন গিল নানা প্রশ্নই সামলান। তেমনই একটা চেনা প্রশ্নও আসে। এর আসল জবাব হয়তো কালকের ম্যাচের পরই মিলবে। ওডিআই ফরম্যাটে পরবর্তী বড় টুর্নামেন্ট বিশ্বকাপ। ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। ফলে মনে করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই বিরাট ও রোহিত এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানাবেন। যদিও শুভমন বলছেন অন্য কথা।

সাংবাদিক সম্মেলনে শুভমন বলেন, ‘ড্রেসিংরুমে এরকম কোনও আলোচনাই হয়নি। আমাদের মাথায় এখন শুধুই কালকের ফাইনাল ম্যাচ। আমি নিশ্চিত, রোহিত ভাইরাও সেটা নিয়েই ভাবছে। এই মুহূর্তে বলতে পারি, এমন কোনও সম্ভাবনা নেই। সকলের ফোকাস ফাইনালে।’ বিরাট যে ছন্দে রয়েছেন, তাতে তিনি যদি পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ অবধি খেলা চালিয়ে যান, তাতে অবশ্য অবাক হওয়ার নেই। সবটাই ফাইনাল জেতার উপর নির্ভর করবে।

Follow Us