
কলকাতা: আর ঠিক চারদিন পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) বল মাঠে গড়াবে। তার আগে বার বার ভারতীয় টিমের এক তারকাকে আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে। তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তারপরও তিনি লাইমলাইট থেকে সরছেন না। এই তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরা। তাঁর অনুপস্থিতি প্রকৃত অর্থেই ভারতীয় টিম যে টের পাবে, এমন কথা দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা বলছেন। পাশাপাশি কপিল দেবের মতো কিংবদন্তি জানিয়েছেন, যে টিমে নেই তাঁকে মিস তো সকলেই করবে। কিন্তু তাঁকে নিয়ে কথা বলে লাভ নেই। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন না, তাঁদের কপিল দেব হাসিমুখে গল্ফ খেলার আমন্ত্রণ জানিয়েছেন। যেমন – চোটে মিনি বিশ্বকাপে নেই বুমরা। বরুণ চক্রবর্তীর এন্ট্রিতে টিম থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছেন যশস্বী।
টলি ক্লাবে গল্ফের টুর্নামেন্টে কলকাতায় এসেছিলেন কিংবদন্তি কপিল দেব। সেখানে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি মজা করে বলেন, “ক্রিকেটে অনেক মজা রয়েছে। গল্ফেও মজা রয়েছে। যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই, এসে গল্ফ খেলুক এটাই বলব।” এরপর তিনি বলেন, “সচিন তেন্ডুলকর, ভিভিয়ান রিচার্ডস, সুনীল গাভাসকর, মহেন্দ্র সিং ধোনিও তো টিমে নেই। সবাইকে একদিন না একদিন তো যেতেই হয়। যে নেই তাঁকে নিয়ে বলে কী হবে। যেটা দেখতে হবে, তা হল টিম যেন জেতে। আলাদা আলাদা করে কাউকে জিততে হবে না। এটা ব্যাডমিন্টন, টেনিস, গলফ নয়। ক্রিকেট একটা টিমের খেলা। কোনও একজন ক্রিকেটারের উপর পারফরম্যান্স নির্ভর করে না। একসঙ্গে খেললে নিশ্চয়ই দল জিতবে। তবে এটা ঠিক যে দলের মূল প্লেয়ার চোট পাক, তা কখনও কেউ চাইবে না। কিন্তু কেউ চোট পেলে তো কিছু করার নেই।”
মিনি বিশ্বকাপের আগে ভারতীয় টিমকে আর কী বললেন কপিল দেব? তিনি বলেন, “দলের কোনও ক্রিকেটারকে নিয়ে আাদা করে বলব না। আমার কাছে ক্রিকেট ফেভারিট। টিমের প্লেয়ারদের শুভেচ্ছা জানাই। বলব সকলে যাও, ভালো খেলো। আর কিছু ভেবো না। জিততে হবে সব সময় লেটা ভেবো না। ভালো খেলে যাও। আমি চাই ভারত জিতুক। একইসঙ্গে যে দল ভালো খেলবে, ওদেরও প্রশংসা করতে হবে।”
জসপ্রীত বুমরার জায়গায় হর্ষিত রানাকে নেওয়া প্রসঙ্গে কপিল দেব বলেন, “এটা নিয়ে কী বলব। কাউকে না কাউকে তো সুযোগ দিতে হত। আমিও তো টিমে কারও না কারও জায়গায় সুযোগ পেয়েছিলাম। যে নতুন টিমে এসেছে ভালো খেলুক, এটাই বলব।”