
কলকাতা : আইপিএল চলার মাঝেই আবার বিতর্কের মূলে ভারতীয় ক্রিকেট। আইপিএলের শেষেই বেশ কিছু টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত, যার মধ্যে রয়েছে এশিয়ান গেমস ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগেই বোর্ড বলেছিল, সম্ভব হলে দুই ভিন্ন দল নিয়ে খেলতে পারে ভারতীয় বোর্ড। আইপিএলে যাঁরা ভাল খেলবেন, তাঁদের নিয়ে তৈরী হবে সেই দল। বোর্ডের এই পরিকল্পনায় নারাজ প্রাক্তন বিশ্বজয়ী অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলেই অশ্বিন এই প্রসঙ্গে বলেছেন,”এমন পদক্ষেপ হলে জাতীয় দলের গুরুত্ব কমে যাবে। কেন মানুষ জাতীয় দলকে সন্মান দেবে? জাতীয় দলের হয়ে মাঠে নামা গর্বের বিষয়। জাতীয় দলের ক্রিকেটাররা গোটা দেশের প্রতিনিধিত্ব করে। সবাই চায় দেশের হয়ে খেলতে।” মত অশ্বিনের। তিনি চান, আইপিএল থেকে আসা ক্রিকেটারদের ভিন্নরূপে ব্যবহার করতে। তাঁর কথায়,”আইপিএল থেকে উঠে আসা ক্রিকেটারদের সরাসরি জাতীয় দলে সুযোগ না দিয়ে ভারতের ‘এ’ দলে খেলানো হোক। সেখানে ভাল খেললে তবেই জাতীয় দলে সুযোগ দেওয়া হোক। সেই সব ম্যাচ সম্প্রচার করা হোক। কিন্তু জাতীয় দলে জায়গা আদায়ের সংস্কৃতিকে বদলালে চলবে না।” তাঁর কথায়,”বিনামূল্যে জাতীয় দলের ক্যাপ বিতরণ করা যায় না। জাতীয় দলের টুপি পেতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়।”
১৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়ান গেমস, সেখানেই ক্রিকেটে অংশগ্রহণ করবে ভারত। ৬ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু টি-টোয়েন্টি সিরিজ। ২০২৮ সালে রয়েছে অলিম্পিক ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো দুই গুরুত্বপূর্ণ স্পোর্টিং ইভেন্ট। এই সময়ে, যত বেশি খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলবেন, তত বেশি বিকল্প পাবে বিসিসিআই, মত বিসিসিআইয়ের। তাই দুটি দল তৈরির কথা মাথায় এনেছিল বোর্ড। কিন্তু বোর্ডের এই সিদ্ধান্তে খুশি নন প্রাক্তন তারকা স্পিনার।