
কলকাতা: একটা ক্রিকেট ম্যাচ খেলার স্বস্তি কতখানি? এ কথা ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) জিজ্ঞাসা করলে চওড়া হাসি মুখে এখন উত্তর দেবেন তিনি। দীর্ঘ ১৫ মাস পর মাঠে ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। নতুন জীবন পেয়েছেন পন্থ। গত কয়েক মাস ধরে ধীরে ধীরে সুস্থ হয়ে অনুশীলন শুরু করেছিলেন ঋষভ। এ বার তিনি খেললেন একটা পুরো ম্যাচ। ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর আলুরে একটি ওয়ার্ম আপ ম্যাচে খেলেছেন ঋষভ। যার ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসেও স্বস্তি ফিরল।
২৬ বছর বয়সী ঋষভ পন্থ যে এ বারের আইপিএলে খেলার জন্য তৈরি তা বহু বার শোনা গিয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে দ্বিতীয় জীবন পাওয়ার পর এই প্রথম কোনও পুরো ক্রিকেট ম্যাচ খেললেন পন্থ। তাতে পন্থের খেলায় কোনও জড়তা দেখা যায়নি। নিজের ছন্দেই খেলেছেন পন্থ। স্বাভাবিকভাবেই এই খবর খুশি করেছে তাঁর অনুরাগীদের এবং দিল্লি ক্যাপিটালসের ভক্তদেরও। এ বার দেখার আইপিএলের সবক’টি ম্যাচে পন্থ খেলেন কিনা। এবং তাঁকে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিতে দেখা যায় কিনা।
Major updates on Rishabh Pant: [Cricbuzz]
– Actively involved in warm up games in Alur.
– Showing positive signs on recovery.
– Set to return as pure Batter in IPL 2024. pic.twitter.com/DLFPZwz6wR— Johns. (@CricCrazyJohns) February 20, 2024
গত মাসে লন্ডনে গিয়েছিলেন ঋষভ পন্থ। বিসিসিআই চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে পাঠিয়েছিলেন। তিনি আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন। এ বার তিনি পুরোদমে আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন। এ বছর রয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে ঋষভ যত তাড়াতাড়ি নিজের ছন্দ ফিরে পাবেন ভারতীয় টিমেরও লাভ। তাঁর মতো মারকুটে ব্যাটার ওডিআই বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে না থাকা নিঃসন্দেহে কিছুটা হলেও চাপ তৈরি করেছিল ভারতের। ফলে টি-২০ বিশ্বকাপে তিনি যদি থাকেন তা হলে ভারতের সুবিধে হবে।