
ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই ম্যাচ পাকিস্তানের কাছে ডু অর ডাই ম্যাচ। কারণ নিউজিল্যান্ডের কাছে হেরে মিনি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। আর ভারত অবশ্য ভালো জায়গায় রয়েছে। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রোহিত ব্রিগেড। এ বার লক্ষ্য পাক বধ। ভারত-পাক ম্যাচে রোহিতদের এগিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার এক অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে ভারতীয় টিমের পারফর্ম্যান্স থেকে শুরু করে নানা বিষয়ে জানিয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের আসন্ন সাক্ষাৎ নিয়ে সৌরভ বলেন, “ভারত অনেক এগিয়ে পাকিস্তানের চেয়ে। পাকিস্তানের পক্ষে ভারতকে হারানো সহজ নয়। দুবাইয়ের উইকেটে বেশি রান উঠবে না।” বাংলাদেশ ম্যাচে যে একাদশে জিতেছে ভারত, সেটাই পাক ম্যাচেও দেখতে চাইছেন মহারাজ।
দুবাইতে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সফর শুরু করার দিন বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। সেই দুর্ঘটনা প্রসঙ্গে সৌরভ বলেন, “বড় কিছু হয়নি। সবাই ঠিক আছি। লরি এসে চেপে দিয়েছিল। পুলিশের পাইলট কার আমাদের আগে ছিল। পিছনে কনভয় ছিল। লরি আমাদের কাছে এসে চেপে দেওয়ায়, আমার চালক নিয়ন্ত্রণে আনতে হঠাৎ ব্রেক কষে। কনভয়ের গাড়িগুলো পরপর ধাক্কা মারে।”
উইকেটকিপার-ব্যাটার হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন লোকেশ রাহুল। ঋষভ পন্থকে কাটাতে হয়েছে রিজার্ভ বেঞ্চে। এই প্রসঙ্গে সৌরভ বলেন, “কেএল রাহুল ও ঋষভ পন্থ দু’জনই খুব ভালো। একদিনের ক্রিকেটে রাহুলের রেকর্ড ভালো। তবে ঊনিশ-বিশ। কোচ যাকে ঠিক মনে করছে, তাকেই খেলাচ্ছে। ভারতে প্রতিভার অভাব নেই।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হাতে ট্রফি দেখতে চাইছেন সৌরভ। তিনি বলেন, “ভারত চিরকালই খুব ভালো দল। আমার নজরে ভারত এবার ট্রফি জেতার অন্যতম দাবিদার।” সামির না থাকা নিয়ে সৌরভকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, “সামি ভালো বোলিং করেছে। তবে সামির বুমরাকে প্রয়োজন। আর বুমরার সামিকে প্রয়োজন।”
সেমিফাইনালে যে চার দলকে এগিয়ে রাখছেন সৌরভ, সেগুলি হল – ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া/দঃ আফ্রিকা। ওই অনুষ্ঠানের মঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলার পাশাপাশি জানান শালবনি কারখানার কাজ নিয়েও। তিনি বলেন, “১৮ থেকে ২০ মাসের মধ্যে প্রোডাকশন শুরু হবে। কর্মসংস্থান হবে। আমরা স্টিল প্ল্যান্ট তৈরি করছি। স্টিল প্ল্যান্ট ২ মাসে তো হয় না।”