
কলকাতা: শেষবার আইপিএলে তাঁকে দেখা গিয়েছিল গতবছর। এই বছরে এখনও চোটের জন্য মাঠে নামতে পারেনি অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। শুধু আইপিএল নয়, দীর্ঘ দিন ধরেই মাঠের বাইরে কামিন্স। এবার অবশেষে আর আইপিএল খেলতে কোনও বাধা নেই অজি ক্যাপ্টেনের। চোট থেকে সেরে ওঠার পরেই অস্ট্রেলিয়ার বোর্ড তাঁকে ছাড়পত্র দিয়েছে আইপিএল খেলার। খুব শীঘ্রই তাঁর আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেবেন কামিন্স।
আইপিএলে প্রায় প্রতিটি দলই ৪ থেকে ৫টি ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দেননি কামিন্স। পিঠের চোটের কারনে দীর্ঘদিন ভুগছিলেন তিনি। এমন কি ক্রিকেট থেকে বেশ কয়েক মাস দূরে ছিলেন প্যাট কামিন্স। বেশ কয়েকদিন আগে ভারতে এসেও স্রেফ পিঠের চোটের স্ক্যান করাতে আবার অস্ট্রেলিয়া ফিরেছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া বোর্ড জানিয়েছে, পিঠের স্ক্যান হয়ে গিয়েছে। এখন সুস্থ আছেন কামিন্স। ফলে, আইপিএলে ফিরতে ও আইপিএলে বোলিং করতে আর কোনও অসুবিধে নেই কামিন্সের। এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ।
এই আইপিএলে তাঁর দলে রয়েছেন তাঁরই দেশীয় সতীর্থ ট্র্যাভিস হেড। এঁদের পার্টনারশিপকে মনে রেখেই অস্ট্রেলিয়া বোর্ড বিবৃতি দিয়েছে,”অস্ট্রেলিয়ান পেসার শুক্রবার যোগ দেবেন সানরাইজার্স দলে। সেই দলেই তাঁর সঙ্গে রয়েছেন আর এক স্বদেশী, ট্র্যাভিস হেড। তাঁর চোটের স্ক্যান করা হয়ে গিয়েছে। আইপিএলের বাকি মরশুম তিনি খেলতে পারবেন। পিঠের সমস্যার কারণে গত বছর অগাস্ট মাস থেকে মাত্র একটি ম্যাচেই খেলেছিলেন কামিন্স। কিন্তু এই বার সেই সমস্যা মিটেছে।”
দলে যোগ দিলেও এখনই আইপিএলে নামতে পারবেন না কামিন্স। খুব সম্ভবত ২৫ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৬-এ প্রথমবারের জন্য নামবেন কামিন্স। এই মুহূর্তে দলের অধিনায়ক ঈশান কিষান। কামিন্স ফিরলে দলের অধিনায়ক তিনিই হবেন, এমনই খবর শোনা যাচ্ছে।
আইপিএলে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে হায়দরাবাদ। ৫ ম্যাচ খেলে জিতেছে দুটিতে ও হেরেছে তিনটি ম্যাচে। আগের দিন ৫৭ রানে জয় পেয়েছে দল। তৃতীয় স্থানে থাকা পাঞ্জাবের সঙ্গে তাদের তফাৎ ৩ পয়েন্টের। তবে, কামিন্স আসায় দলের গভীরতা বাড়ল সানরাইজার্সের।