
কলকাতা : মঙ্গলবার অনুষ্ঠানে ক্রিকেটারদের প্রকাশ্যে এনেছে কেকেআর। এরপরেই আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হতে গতকাল মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হল কেকেআর দল। গতবছরের মতোই এবারেও নাইটদের অধিনায়ক অজিঙ্ক রাহানে। সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে রিঙ্কু সিংকে। তবে ইতিমধ্যেই হর্ষিত রানার বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল কেকেআর। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। এবার তাঁর বদলেই নতুন ক্রিকেটারের নাম জানাল নাইট রাইডার্স কর্তৃপক্ষ। বেশ কয়েকদিন ধরেই নতুন বোলারের জন্য ট্রায়াল নিচ্ছিল কেকেআর। তবে গতকাল রাতে নতুন হর্ষিত রানার বিকল্প হিসেবে নতুন নাম ঘোষণা করল নাইটরা।
হর্ষিতের বদলে দলে সুযোগ পেয়েছেন নভদীপ সাইনি। দিল্লির এই ক্রিকেটার একসময় ছিলেন বিরাট কোহলির সতীর্থ। রাজ্যস্তরে দিল্লি দল হোক বা আইপিএলে আরসিবি – দুই দলেই তিনি পেয়েছেন বিরাটকে। বেশ কয়েকদিন ধরেই তিনি ট্রায়াল দিচ্ছিলেন। খেলেছিলেন নাইটদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও। এবার তাঁকেই সুযোগ দিল নাইট রাইডার্স। নভদীপ নিজে কেকেআর নাইট ক্লাবকে বললেন,”কেকেআর দলে যোগ দিয়ে আমি গর্বিত। মঙ্গলবার রাতে আমি জানতে পারি, আমাকে দলে নেওয়া হয়েছে। এর আগেও আমি আইপিএল খেলেছি। গত দুই-তিন বছরে আমার জীবনে অনেক উত্থান-পতন হয়েছে। কিন্তু আমি কখনও হাল ছাড়িনি। প্রচন্ড হার্ডওয়ার্ক করেছি। এবারেও এই চ্যালেঞ্জ আমি নিতে তৈরী।”
দেশের হয়ে ২টি টেস্ট, ৮ ওয়ান ডে ও ১১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নভদীপ। আইপিএলে অতীতে তিনি খেলেছেন আরসিবি ও রাজস্থানের হয়ে। তাঁর আইপিএল কেরিয়ারও তাঁর দেশের কেরিয়ারের মতোই সংক্ষিপ্ত। ৩২ ম্যাচে তিনি নিয়েছেন ২৩ উইকেট। গড় ৮.৮৮। ২০২৩ সালের পর আর আইপিএলে খেলেননি নভদীপ। তবে এই বছর হর্ষিত রানার চোট কপাল খুলে দিল তাঁর। ৭৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে কেকেআর। এছাড়াও আকাশ দীপের বদলে কলকাতা নিয়েছে বিদর্ভের সিমার বৈভব দুবেকে। প্রায় আড়াই বছর ধরে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে তিনি না খেললেও সিনিয়র লেভেলে খেলেছেন। অক্টোবর ২০২৩ এ শেষবার বিদর্ভের হয়ে খেলেছিলেন তিনি। ২০২২ সালে হায়দ্রাবাদের হয়ে তাঁকে দলে নেওয়া হলেও চোটের কারণে খেলতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নেট বোলার হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। তবে এইবার কলকাতার জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন বৈভব।
যদিও কেকেআরের বোলিং ইউনিট এবার বেশ দুর্বল। ক্যামেরন গ্রিন থাকলেও তিনি যে আদৌ ৪ ওভার বল করতে পারবেন, এই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। কারণ, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এখনও তাঁকে বোলিং করার ছাড়পত্র দেয়নি। না দিলে তিনি ম্যাচপ্রতি ৪ ওভার বল করতে পারবেন না। নাইটদের বোলিং ডিপার্টমেন্টের গুরুদায়িত্ব থাকবে বৈভব অরোরার কাঁধে। বেশ কয়েক বছর ধরেই নাইট দলের গুরুত্বপূর্ণ সদস্য বৈভব। এই বছর দলে একমাত্র বিদেশী পেসার ব্লেসিং মুরাজাবানি। সুতরাং, অনামী বোলিং ডিপার্টমেন্টে ভরসা রেখেই চতুর্থ বারের জন্য আইপিএল জিততে চাইছে শাহরুখ খানের নাইটরা।