
কলকাতা : চলতি আইপিএল যেন সোনার কপাল হয়ে ধরা দিয়েছে বৈভব সূর্যবংশীর জন্য। শুরু থেকেই দারুন ফর্মে রয়েছেন বৈভব। গত বছর আইপিএলে ৩৩ বলে সেঞ্চুরি করে নিজের আগমনের জানান দিয়েছিলেন তিনি। আজ আবার সেঞ্চুরি করলেন বছর পনেরোর বৈভব। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস খেলে আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে ফেলল ভারতীয় ক্রিকেটের এই ‘বিস্ময় বালক’।
আজ সোয়াই মান সিংহ স্টেডিয়ামে ৩৭ বলে ১০৩ রানের বিদ্ধংসী ইনিংস খেললেন বৈভব। ১৫ বলে করলেন হাফসেঞ্চুরি, পরের ২২ বলে ছুঁয়ে ফেললেন সেঞ্চুরি। গোটা ইনিংসে বৈভব মেরেছেন মোট ১২টি ছক্কা ও ৫টি বাউন্ডারি। তাঁর সেঞ্চুরির বদান্যতায় ২০ ওভার শেষে রাজস্থান রয়্যালস তুলেছিল ২২৮/৬। ৩৫ বলে ৫১ রান করে করেছিলেন ধ্রুব জুৱেল। শেষে ১৬ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেললেন ডোনোভান ফেরেইরা। অতীতে গুজরাট টাইটানসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বৈভব। আজ আবার সেঞ্চুরি – মাত্র ১৫ বছরের এই ছেলেই আইপিএল ইতিহাসে দুইবার সবচেয়ে দ্রুত শতরান করে ফেলল। এই মুহূর্তে মনে হচ্ছে, বৈভবকে যেন থামানোর কোনও উপায় নেই। আজ রেকর্ড গড়লেন বৈভব। মোট ১২টি ছক্কা মেরে এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা মারা প্রথম ভারতীয় ব্যাটার। অতীতে এই রেকর্ড গড়েছিলেন মুরলী বিজয়। এক ইনিংসে ১১টি ছক্কা মেরেছিলেন বিজয়। কিন্তু বৈভবকে ব্যাট করতে দেখে মনে হয়, কোনও একদিন আইপিএলের সব রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে এই দুর্ধর্ষ ব্যাটার।
কিন্তু তাঁর এই দুর্ধর্ষ ইনিংসও বাঁচাতে পারল না তাঁর দলকে। ৯ বল বাকি থাকতেই ২২৯ রান তুলেন জিতে যায় হায়দরাবাদ। ২৯ বলে ৫৭ রান করলেন অভিষেক শর্মা। ৩১ বলে ৭৪ করেছেন ঈশান কিষান। আজকের দিন আইপিএলে অভিনব। একদিনে ৪ বার হাত বদল হল অরেঞ্জ ক্যাপ। প্রথমে এই তুপি ছিল আরসিবির বিরাট কোহলির কাছে। ৭ ম্যাচে বিরাট করেছিলেন ৩২৮ রান। বিকেলের ম্যাচে ১৫২ রান করে কোহলির থেকে এই টুপি ছিনিয়ে নিলেন কে এল রাহুল। রাতে আবার সেঞ্চুরি করে মোট রানের নিরিখে রাহুলকে পিছনে ফেলে দিলেন বৈভব। ৮ ম্যাচে ৩৫৭ রান করেছেন তিনি। আবার ম্যাচ শেষের পর ৩৮০ রান নিয়ে এই মুহূর্তে অরেঞ্জ টুপির তালিকার মগডালে অভিষেক শর্মা। এই আইপিএল শুরু থেকেই চমক দেখাচ্ছে। কিন্তু যদি কয়েক মাসের মধ্যেই ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী জাতীয় দলের জার্সিতে অভিষেক করে সচিন তেন্ডুলকরের ৩৭ বছর পুরোনো ইতিহাস না ভেঙে দেন, চমকাতে হবে বৈকি!