T20 World Cup Final : কাল মোতেরায় কাদের রাখতে হবে হিসেবে ?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে একটা ম্যাচেও জেতেনি ভারত। এই তথ্যই বদলানোর আশায় আগামীকাল নরেন্দ্র মোদীর বাইশ গজে নামবেন সূর্যরা। এর আগে কোনও দেশ নিজের মাঠে বিশ্বকাপ আয়োজন করে বিশ্বকাপ জেতেনি। কাল সেই চাঁদ ধরার অনন্য হাতছানি ভারতের সামনে।

T20 World Cup Final : কাল মোতেরায় কাদের রাখতে হবে হিসেবে ?
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 07, 2026 | 6:16 PM

কলকাতা : আগামীকাল আহমেদাবাদে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যায়ে কাল ফাইনাল খেলতে নামবেন সূর্যরা। এর আগেও ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে নেমেছিলেন সূর্যকুমার। সেবার, বিজিতের ট্রফি নিয়ে ফিরতে হয়েছিল তাঁকে। সেই মাঠেই আড়াই বছর পর নামবেন সূর্যরা। ২০২৪ সালে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এই ম্যাচ জিতেই অবসর নিয়েছিলেন রোহিত, কোহলি ও জাদেজা। আগামীকাল আবার জিতে টানা দুই বার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য রেকর্ড গড়বেন অভিষেকরা। আগামীকাল নামার আগে বেশ কিছু বিষয় চিন্তায় রাখবে ভারতকে।

বিশ্বকাপ শুরুর আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। এই সিরিজে ভারত জিতেছে ৪-১। তাই ফাইনালে একটু হলেও এগিয়ে থাকবেন সূর্যরা। সিরিজে দুরন্ত ফর্মে থাকলেও মাত্র ১ মাসের মধ্যেই বিশ্বকাপের ভারতের গলার কাঁটা হওয়ার উপক্রম অভিষেক শর্মার। গোটা প্রতিযোগিতায় একটি অর্ধশতরানের ইনিংস বাদ দিয়ে বলার মতো পারফরম্যান্স নেই তাঁর। ইতিমধ্যেই বলা হচ্ছে, অভিষেককে সরিয়ে রিঙ্কুকে সুযোগ দেওয়া হোক দলে। ফিন অ্যালেন ও টিম সেইফার্ট সবথেকে চিন্তার কারণ হবেন ভারত শিবিরের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে তাঁদের ব্যাটই নিউজিল্যান্ডকে জয়ের সরণীতে পৌঁছে দেয়। বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন সেইফার্ট। ইতিমধ্যেই করেছেন ৩টি অর্ধশতরান। ফাইনাল ম্যাচে যেকোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন সেইফার্ট। ভারতের আর এক চিন্তার নাম ফিন অ্যালেন। সেমিফাইনালের মঞ্চেই ৩৩ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করেছেন ফিন। ভেঙেছেন ক্রিস গেইলের ১০ বছরের পুরোনো রেকর্ড। তিনি ক্রিজে থাকা মানে বিপক্ষের চিন্তা বাড়তে বাধ্য। কিউয়িদের এই ওপেনিং জুটিই চাপে রাখবে ভারতকে। দুজনেই আসন্ন আইপিএলে কেকেআরের জার্সিতে খেলতে চলেছেন। আগামীকাল শুরুতেই তাঁদের আউট করার দায়িত্ব নিতে হবে বুমরা ও অর্শদীপকে। নজরে থাকবেন রাচীন রবীন্দ্রও। এই বিশ্বকাপে ইতিমধ্যেই ১১ উইকেট নিয়ে নিয়েছেন ভারতিয় বংশোদ্ভূত ব্যাটার। তাঁকে পার্ট টাইম বোলার হিসেবেও ব্যবহার করতে পারবেন অধিনায়ক মিচেল স্যান্টনার। এছাড়াও স্পিনার কোল ম্যাককঞ্চি চর্চায় থাকবেন। আগের ম্যাচেই এক ওভার বল করেই দুই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছিলেন তিনি।

সূর্যকে চিন্তায় রাখবে অভিষেক ও বরুণের অফ ফর্মও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে একটা ম্যাচেও জেতেনি ভারত। এই তথ্যই বদলানোর আশায় আগামীকাল নরেন্দ্র মোদীর বাইশ গজে নামবেন সূর্যরা। এর আগে কোনও দেশ নিজের মাঠে বিশ্বকাপ আয়োজন করে বিশ্বকাপ জেতেনি। কাল সেই চাঁদ ধরার অনন্য হাতছানি ভারতের সামনে।