ICC Test Rankings: ক্যাপ্টেনকেও পিছনে ফেললেন যশস্বী, টেস্ট ব়্যাঙ্কিংয়ে কোথায় পৌঁছলেন ধ্রুব?
Yashasvi Jaiswal: যশস্বী যে সত্যিকার অর্থেই লম্বা রেসের ঘোড়া, তা প্রমাণ করছেন প্রতিনিয়ত। সদ্য আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তাতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাপিয়ে গিয়েছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে আরও একটা সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করলে পরবর্তী টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ হওয়ার দিন যশস্বীর নাম তালিকার প্রথম ১০ এর মধ্যেও দেখা যেতে পারে।

কলকাতা: কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন ভারতীয় তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দেশের মাটিতে চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজের চারটিতেই খেলেছেন ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী। তাঁর ঝুলিতে এই সিরিজে এখনও অবধি এসেছে ৬৫৫ রান। যশস্বী যে সত্যিকার অর্থেই লম্বা রেসের ঘোড়া, তা প্রমাণ করছেন প্রতিনিয়ত। সদ্য আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং (ICC Test Rankings) প্রকাশিত হয়েছে। তাতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাপিয়ে গিয়েছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে আরও একটা সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করলে পরবর্তী টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ হওয়ার দিন যশস্বীর নাম তালিকার প্রথম ১০ এর মধ্যেও দেখা যেতে পারে।
আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০এ থাকা এক মাত্র ব্যাটার বিরাট কোহলি। তিনি ইংল্যান্ড সিরিজের প্রথম ৪ ম্যাচে খেলেননি। তাতে খেললে আইসিসি ক্রমতালিকায় হয়তো উন্নতি করতে পারতেন। আপাতত তিনি দুই ধাপ নেমে নয়ে পৌঁছে গিয়েছেন। ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ৩ ধাপ উঠে ১২ নম্বরে পৌঁছেছেন। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭২৭। ৭২০ পয়েন্ট নিয়ে এক ধাপ নেমেছেন রোহিত শর্মা। ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ এক বছরের বেশি সময় মাঠের বাইরে। তিনি আইসিসি টেস্ট ক্রমতালিকার ১৪ নম্বরে রয়েছেন।
যশস্বীর পাশাপাশি ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমন গিল, ধ্রুব জুরেলরাও আইসিসি ব্যাটারদের টেস্ট ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। ৪ ধাপ উঠে ৬১৬ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে পৌঁছেছেন শুভমন। চমকপ্রদ হলেও আইসিসি ক্রমতালিকায় জ্বলজ্বল করছে ধ্রুব জুরেলের নামও। তিনি কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে পৌঁছেছেন। ৩১ ধাপ উঠে এখন ৪৬১ পয়েন্ট নিয়ে ৬৯ নম্বরে রয়েছেন তরুণ উইকেট কিপার ব্যাটার ধ্রুব।
রাঁচি টেস্ট না খেলার পরও আইসিসি টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরা। দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। ছয়ে রবীন্দ্র জাডেজা। বোলারদের তালিকায় প্রথম দশের মধ্যে খুব বেশি স্থান পরিবর্তন দেখা যায়নি।
আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকায় মগডালে রয়েছেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। এই তালিকায় উন্নতি করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। তিনি ৩ ধাপ উঠে চার নম্বরে পৌঁছেছেন। জাডেজা-অশ্বিন ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার অলরাউন্ডারদের তালিকায় প্রথম ১০এ নেই।
