T20 World Cup : ওমানের বিরুদ্ধে সহজ জয় জিম্বাবোয়ের!

টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁদের আগমন প্রায় ১০ বছর আগে। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে আবির্ভাব ঘটেছিল ওমানের। সেবার আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছিল ওমান। গ্ৰুপ পর্ব থেকে বিদায় ঘটলেও তাদের উত্থান অভিভূত করেছিল অনেককেই।

T20 World Cup : ওমানের বিরুদ্ধে সহজ জয় জিম্বাবোয়ের!
Image Credit source: Matthew Lewis-ICC/ICC via Getty Images

| Edited By: Moumita Das

Feb 09, 2026 | 8:14 PM

কলকাতা : ৫, ৫, ০, ০, ৩ – না, এটা কোনও মোবাইল নম্বরের শুরুর ক’টা ডিজিট নয়। এগুলো কলম্বোর মাঠে মুখোমুখি হওয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে ওমানের প্রথম ৫ জন ব্যাটারের স্কোর। এরপর যা হতে পারত, তাই হয়েছে। কলম্বোর মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করল ওমান। একা কুম্ভের মত লড়াই করেছেন বিনায়ক শুক্ল। তাঁর ২৮ রানের সুবাদে ১০০র সীমা ছুঁল ওমান। রান পেয়েছেন সুফিয়ান মেহমুদ এবং নাদিম খানও। কিন্তু তাতে কি আর সম্মান বাঁচে!

আজকের ম্যাচে ছিল একটি বিশেষ বিষয়। সচেয়ে বয়ষ্ক ক্রিকেটার হিসেবে আজ মাঠে নেমেছিলেন ৪২ বছর বয়সী ওমানের আমির কলিম। ব্যাট হাতে তাঁর অবদান মাত্র ৫। বল হাতে ৩টি করে উইকেট পেয়েছেন জিম্বাবোয়ের রিচার্ড এনগ্রাভা, ব্র্যাড এভান্স, ব্লেসিং মুরাজাবানি। ব্লেসিংয়ের আশীর্বাদেই পাওয়ার প্লেতে ৪ উইকেট খুইয়ে ফেলেছিল ওমান। একটি উইকেট পেয়েছেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজা। ব্যাটে নেমে শুরু থেকেই ঝড় তোলেন জিম্বাবোয়ের ব্রায়ান বেনেট। একটুর জন্য হাফ সেঞ্চুরি না করতে পারলেও ৩৬ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। জিম্বাবোয়ের ৪০ বছর বয়সী “তরুণ” ব্রেন্ডন টেলর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ৩১ রানে। ১৪ ওভারেই জয়ের জন্য নির্ধারিত ১০৭ রান তুলে ৮ উইকেটে জয় পেল জিম্বাবোয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁদের আগমন প্রায় ১০ বছর আগে। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে আবির্ভাব ঘটেছিল ওমানের। সেবার আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছিল ওমান। গ্ৰুপ পর্ব থেকে বিদায় ঘটলেও তাদের উত্থান অভিভূত করেছিল অনেককেই। ওমান ছাড়াও ক্রিকেট দুনিয়ায় অনেকদিন ধরেই টিমটিম করে জ্বলছে জিম্বাবোয়ে নামক তারা। উঠে এসেছেন গ্র্যান্ট ফ্লাওয়ার, অ্যান্ডি ফ্লাওয়ার, তাটেন্ডা তাইবু, হ্যামিল্টন মাসাকাদজার মত তারকার উত্থান ঘটেছে জিম্বাবোয়ের হাত ধরেই। দিল্লি বহুত দূর, প্রথম ম্যাচে জিতে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন ঘটাতে চান সিকন্দর রাজারা।