
কলকাতা: গতকালই ছুঁয়েছেন ৯৮০ গোলের বিরল মাইলফলক। কিন্তু তাঁর জাতীয় দলের কেরিয়ার এবার প্রশ্নের মুখে। জাতীয় দলের শিবির ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়লেন ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৯ অক্টোবর তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে পর্তুগাল ফুটবল ফেডারেশন। তদন্ত চলাকালীন তাঁকে সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর জাতীয় দলের শিবির ছাড়ার ঘটনাকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পর্তুগাল ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে, গত ৭ অক্টোবরের ঘটনায় শৃঙ্খলাগত দিন খতিয়ে দেখতে ৯ অক্টোবর রোনাল্ডোর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁকে অস্থায়ীভাবে সাসপেন্ড করা হয়েছে। এর আগে কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধের কারণেই রোনাল্ডো শিবির ছেড়েছিলেন। এমনকি কোচের সঙ্গে বিবাদ নিয়ে তিনি প্রকাশ্যে মুখ খুলেছিলেন। যদিও, জাতীয় দলের শিবির ছাড়ার কারণে ক্ষমাও চেয়েছিলেন রোনাল্ডো। বলেছিলেন, তাঁর শাস্তি পাওয়াই উচিৎ। ২০ দিন থেকে প্রায় ৬ মাস নির্বাসন দেওয়া হতে পারে তাঁকে।
কী নিয়ে মূল বিবাদ?
বিবাদের সূত্রপাত হয়ে উয়েফা নেশন্স লিগে পর্তুগাল বনাম নরওয়ে ম্যাচ নিয়ে। ম্যাচ শুরুর আগে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি কোচ জেসুস। রোনাল্ডোর দাবি, ওই ম্যাচে তাঁকে ৩০ মিনিট খেলানোর পরিকল্পনা করেছিলেন কোচ। কিন্তু শেষ পর্যন্ত ওয়ার্ম-আপ করেও মাঠে নামার সুযোগ পাননি রোনাল্ডো। কোচের নাকি পরিকল্পনা ছিল, প্রথম ম্যাচ ওয়েলসের বিরুদ্ধে তাঁকে খেলিয়ে নরওয়ে ও ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচগুলোতে বিশ্রাম দেওয়া হবে সিআর সেভেনকে। কিন্তু পরে নাকি কোচ নিজের পরিকল্পনা বদলান। যদিও কোচের প্রতি আস্থা হারিয়েছেন রোনাল্ডো, এমনি ইঙ্গিত মিলেছে তাঁর পোস্ট থেকে।
যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন না তিনি। পর্তুগালের হয়ে ইতিমধ্যেই ২৩৪ ম্যাচে ১৪৬ গোল আছে তাঁর। গতকালই আল নাসেরের হয়ে গোল করে ছুঁয়েছেন ৯৮০ গোল করার এক বিরল রেকর্ড। আর মাত্র ২০ গোল করলেই ১০০০ গোল করে ফেলবেন তিনি। এখন তদন্তে কী উঠে আসে ও কবে রোনাল্ডোর সাসপেনশন তুলে নেওয়া হয়, সেই দিকেই নজর ভক্তদের।