Kalyan Chaubey: দমন-দিউ থেকেও নাম কাটা গেল কল্যাণের, আর কি কোনও পথ খোলা আছে AIFF প্রেসিডেন্টের?

AIFF Election: যিনি বর্তমান AIFF প্রেসিডেন্ট, তাঁকে কোনও রাজ্য সংস্থা ভোটার করতে রাজি নয়, এই দৃশ্য সচরাচর দেখা যায় না। ফলে কোনও রাজ্য না পাওয়ার ফলে জম্মু ও কাশ্মীর থেকে কি আদৌ দাঁড়াতে পারবেন কল্যাণ? নাকি সেখান থেকেও খালি হাতে ফিরতে হবে তাঁকে?

Kalyan Chaubey: দমন-দিউ থেকেও নাম কাটা গেল কল্যাণের, আর কি কোনও পথ খোলা আছে AIFF প্রেসিডেন্টের?
ফাইল ছবিImage Credit source: X

| Edited By: Moumita Das

Nov 16, 2026 | 5:47 PM

কলকাতা: এ যেন পরতে পরতে নাটক। কল্যাণ চৌবের (Kalyan Chaubey) নাম প্রস্তাবের ২৪ ঘণ্টা বাদেই ডিগবাজি দমন দিউ ফুটবল সংস্থার (Daman Diu)। সূত্রের খবর, নির্বাচনী অফিসারকে দমন দিউ ফুটবল সংস্থা চিঠি দিয়ে জানিয়ে দিল, প্রস্তাবিত ভোটার হিসেবে কল্যাণ চৌবের নাম তারা প্রত্যাহার করছে। আগে যে দুজন প্রতিনিধির নাম তারা জমা দিয়েছিল, তাতেই অটল থাকছে। গতকাল নির্বাচনী অফিসার আসন্ন ফেডারেশন নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ্যে আনে। তাতে কয়েকটি সংস্থা নিয়ে সমস্যা দেখা যায়। তার মধ্যে যেমন আইএফএ রয়েছে, তেমনই রয়েছে দমন দিউ ফুটবল সংস্থার নাম।

গত পরশু অবধিও পরিস্থিতি ছিল কল্যাণের জন্য বেশ অস্বস্তিকর। শুক্রবার সন্ধে ৬টার মধ্যে সমস্ত সংস্থার তরফ থেকে তাদের প্রতিনিধিদের নাম পাঠানোর ডেডলাইন ছিল। গত পরশু পর্যন্ত প্রস্তাবিত ভোটার তালিকায় কল্যাণের নাম কোনও সংস্থাই পাঠায়নি। সূত্রের খবর, ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর দমন ফুটবল সংস্থা নির্বাচনী অফিসারকে তাদের প্রতিনিধি হিসেবে কল্যাণ চৌবের নাম পাঠাল। সূত্রের খবর, দমন ফুটবল সংস্থা এর আগে তাদের প্রতিনিধির নাম পাঠালেও, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নির্বাচনী অফিসারকে ফের নতুন প্রস্তাবিত দুই ভোটারের নাম পাঠায়। তার মধ্যে একজন কল্যাণ চৌবে। জানা গিয়েছে এরই মধ্যে দমনের একটি স্থানীয় ক্লাবের সদস্য হয়েছেন কল্যাণ। সূত্রের খবর, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর দমন ফুটবল সংস্থা নতুন করে কল্যাণ চৌবের নাম পাঠায়। তাতেই দেখা দেয় জটিলতা।

২৪ ঘণ্টা বাদে আবার ডিগবাজি খায় দমন দিউ ফুটবল সংস্থা। এদিকে জানা যাচ্ছে, ইলেকটোরাল কলেজ বা ভোটার তালিকায় যাদের নাম নেই তারা প্রতিনিধিত্ব করতে পারবে না। নতুন ক্রীড়া আইন মেনে ফেডারেশনের সংবিধান হয়েছে। শোনা যাচ্ছে, তাতে নাকি এমনই নির্দেশ রয়েছে নির্বাচনে লড়তে হলে আগে ইলেকটোরাল কলেজে নাম তুলতে হবে। যদি সেই পরিস্থিতি হয়, তাহলে ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবের রাস্তা ক্রমেই কঠিন হচ্ছে।

২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন। ইলেকটোরাল কলেজে কারও নাম না থাকলেও, প্রার্থী হতে তার বাধা নেই। শোনা যাচ্ছে, ফেডারেশন সভাপতি কল্যাণের বিরুদ্ধে অঙ্ক কষে এগোচ্ছেন প্রফুল প্যাটেল ও তাঁর গোষ্ঠী। এর মধ্যে বাকি, ২৫ তারিখ জম্মু ও কাশ্মীরের ফেডারেশনের ভোট। সেই সংস্থা ফেডারেশনকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, তাদের ভোটের পর তারা প্রতিনিধির নাম পাঠাবে। কিন্তু যিনি বর্তমান AIFF প্রেসিডেন্ট, তাঁকে কোনও রাজ্য সংস্থা ভোটার করতে রাজি নয়, এই দৃশ্য সচরাচর দেখা যায় না। ফলে কোনও রাজ্য না পাওয়ার ফলে জম্মু ও কাশ্মীর থেকে কি আদৌ দাঁড়াতে পারবেন কল্যাণ? নাকি সেখান থেকেও খালি হাতে ফিরতে হবে তাঁকে? এই নিয়েই প্রশ্ন উঠছে এখন ফুটবলমহলে। আদৌ জম্মু-কাশ্মীর থেকে কল্যাণ দাঁড়াবেন নাকি ভোটার লিস্ট থেকে নাম তুলে নেবেন ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট? নজর থাকবে সেই দিকেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us