
ইস্টবেঙ্গল – ০ : পাঞ্জাব এফসি – ১ (রাপোসো)
কলকাতা: গতকাল মোহনবাগান ড্র করেছিল আইএফএ শিল্ডের ম্যাচে। আজ পাঞ্জাবের বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল। হারালেন মেসিরা। যে মেসি ২০২৪-২৫ মরসুমে ইস্টবেঙ্গলে খেলেছিলেন, তাঁর বাড়ানো বলেই গোল খেল ইস্টবেঙ্গল। এর ফলে আইএফএ শিল্ডে দ্বিতীয় হয়ে সেমি ফাইনালে গেল লাল-হলুদ।
আজকের ম্যাচে ২ বিদেশি নিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল। খেলেছিলেন ক্রিস ইকোনোমেডিস ও দিয়েগো জিভুলিচ। ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় ইস্টবেঙ্গল। তবে বিপক্ষ দলে ছিলেন রাফায়েল মেসি বাউলি। গত মরসুমে তিনি ছিলেন ইস্টবেঙ্গল শিবিরেই কিন্তু একদমই সফল হননি তিনি। এরপরেই তাঁকে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল। ১৮ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ মিস করে পাঞ্জাব। এরপর দুই দলই সমান চেষ্টা করতে থাকে কিন্তু গোল পায়নি কোনও পক্ষই। ৩৭ মিনিটের মাথায় ফাউল পায় পাঞ্জাব কিন্তু মেসি লক্ষ্যে শট মারতে পারেননি। ৪১ মিনিটের মাথায় গোল করে পাঞ্জাব। লালচুংনুঙ্গার ভুলে বল পান মেসি। তাঁর ক্রসে বল পান দিয়েগো রাপোসো। রাপোসোর জোরালো শট প্রতিহত করতে পারেননি লাল-হলুদ গোলকিপার লাচেঙপা। ১-০ ফলে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে পরিবর্তন করেন লাল-হলুদ কোচ হাবাস। রোহিত দানাকে তুলে বিষ্ণুকে নামান তিনি। এরপরেও একাধিক আক্রমণ করে পাঞ্জাব কিন্তু গোল পায়নি। ৯০ মিনিটে দুরন্ত ফ্রি কিক মেরেছিলেন পরিবর্ত হিসেবে নামা বিপিন সিং, কিন্তু গোল পেল না লাল-হলুদ। ৯০+২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন পাঞ্জাবের নিখিল প্রভু। ৭ মিনিট অতিরিক্ত সময় পেয়েও গোল করতে পারল না ইস্টবেঙ্গল ফলে ঘরের মাঠেই পাঞ্জাবের কাছে হারতে হল তাদের। মেসি বাউলি আজ বেশ সপ্রতিভ ফুটবল খেলেছেন। যদিও এখনও সেমি ফাইনালে জানা যায়নি কোন দল, কবে, কার বিরুদ্ধে খেলবে। আইএফএ শিল্ডের সেমি ফাইনালে উঠেছে মোহনবাগান এসজি, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি ও ইস্টবেঙ্গল। তাই শেষ চারে একটা ডার্বি দেখার সম্ভাবনা থেকেই যাচ্ছে।