East Bengal FC: ফের ত্রাতা একে লোবা, বৃষ্টিভেজা যুবভারতীতে পা হড়কাল ইস্টবেঙ্গল

ISL 2026-27: দীর্ঘ বিরতির পর আবার শুরু হয়েছে আইএসএল। এর আগে ইস্টবেঙ্গল ভাল খেললেও হঠাৎই যেন ছন্দপতন ঘটে গিয়েছে লাল-হলুদের। তার মধ্যে ঘরের মাঠে এই মরসুমে প্রথম আইএসএল খেলতে নামল ইস্টবেঙ্গল। কিন্তু এই ম্যাচে জয় এল না লাল-হলুদের।

East Bengal FC: ফের ত্রাতা একে লোবা, বৃষ্টিভেজা যুবভারতীতে পা হড়কাল ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল এফসিImage Credit source: Facebook/@East Bengal

|

Nov 21, 2026 | 1:06 AM

কলকাতা: বৃষ্টির বিকেলে আবার পা হড়কাল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে দিল্লি এফসির বিরুদ্ধে হারতে হারতে কোনও রকমে ড্র করল ইস্টবেঙ্গল। তবে ম্যাচের পর ক্ষোভে ফেটে পড়লেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। একই সঙ্গে আজ চোটের কারণে প্রায় ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এডমুন্ড।

দীর্ঘ বিরতির পর আবার শুরু হয়েছে আইএসএল। এর আগে ইস্টবেঙ্গল ভাল খেললেও হঠাৎই যেন ছন্দপতন ঘটে গিয়েছে লাল-হলুদের। তার মধ্যে ঘরের মাঠে এই মরসুমে প্রথম আইএসএল খেলতে নামল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেছিল ইস্টবেঙ্গল। শুরুতেই গোল করার সুযোগ পেয়েছিলেন জেলেনস্কি। এর কিছুক্ষন পরেই চোট পেয়ে মাঠ ছাড়লেন দিল্লির ডিফেন্ডার ডুভান ফেলিপে। ১৯ মিনিটে দানি রামিরেজের শট ক্রসবারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। ২৯ মিনিটে রশিদ নিজেদের বক্সেই ফাউল করে বসেন মহম্মদ আইমেনকে। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গোল করতে কোনও ভুল করেননি কার্লোস ফর্তেস। এই সময়েই পেনাল্টি থেকে গোল হজম করার জন্য ক্ষোভে ফেটে পড়েন লাল-হলুদ কোচ হাবাস। ৪০ মিনিটের মাথায় দুরন্ত গোল করে সমতা ফেরান এডমুন্ড। প্রথমার্ধের শেষে আরও একটি গোল করতে পারত লাল-হলুদ কিন্তু তা হয়নি। ১-১ ফলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু দিল্লির রক্ষণ ভাল খেলায় গোল আর হয়নি। কিন্তু এরপর থেকে যেন ছন্নছাড়া খেলা শুরু করে ইস্টবেঙ্গল। ৬৭ মিনিটে কর্নার পায় দিল্লি। সেই কর্নার থেকেই রদ্রিগিনহোর শট পোস্টে লেগে ফেরত আসে। সেই ফিরতি বল থেকেই গোল করে দিল্লিকে এগিয়ে দিয়ে যান আশুতোষ মেহতা। ২-১ গোলে এগিয়ে যায় দিল্লি। এরপর কার্যত সব দিক দিয়ে ঝাঁপায় ইস্টবেঙ্গল। কিন্তু ৮৩ মিনিটে দুরন্ত গোল করেন একে লোবা। তাঁর গোলেই সমতা ফেরায় ইস্টবেঙ্গল।

তবে আজকের ম্যাচে একটা খারাপ খবর পেল ইস্টবেঙ্গল। আজকের ম্যাচে হাত ভেঙে যায় এডমুন্ডের। এর ফলে কমপক্ষে ১০ সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন তিনি। ফলে আনোয়ারের সঙ্গে আগামী ২৯ তারিখ ডার্বিতে এডমুন্ডকেও পাবে না ইস্টবেঙ্গল। এবং ম্যাচের পর হাবাসকেও দেখা গেল বেশ উত্তপ্ত মেজাজেই। সব মিলিয়ে পড়ে পাওয়া ১৪ আনার মতো হারা ম্যাচ কোনওমতে ড্র করলেও ডার্বির আগে একাধিক চিন্তায় ভুগছে ইস্টবেঙ্গল।

Loading...
Unable to load recommendations.
Follow Us