Mohunbagan SG: চার্চিল বধ বাগানের, ডার্বির আগে লিগ শীর্ষে মোহনবাগান!

ISL 2026-27: এই ম্যাচ জিতে আইএসএল এর শীর্ষে চলে এল সবুজ-মেরুন। আগামী ২৯ তারিখ বড় ম্যাচ। খাতায়-কলমে এগিয়ে মোহনবাগান। কারণ, ইস্টবেঙ্গলের ফর্ম ও আনোয়ার-এডমুন্ডদের চোট। তবে মোহনবাগানের আত্মবিশ্বাস ভরসা দেবে কোচ প্যানোস ও সমর্থকদের।

Mohunbagan SG: চার্চিল বধ বাগানের, ডার্বির আগে লিগ শীর্ষে মোহনবাগান!
গোলের পর থাপা ও ছাংতে।Image Credit source: Facebook/Mohun Bagan Super Giant

|

Nov 22, 2026 | 11:25 PM

কলকাতা: ঠিক আজ থেকে ৭ দিন পর আইএসএল ডার্বি। তার আগে নিজেদের আরও শক্ত জায়গায় নিয়ে গেল মোহনবাগান এসজি। গোয়ার মাঠে চার্চিল ব্রাদার্সকে হারিয়ে দিলেন প্যানোসের ছেলেরা। এর ফলে টানা ৫ ম্যাচ জিতল সবুজ-মেরুন। একটি করে গোল করেছেন ছাংতে ও অনিরুদ্ধ থাপা। ২-১ ফলে জিতে আইএসএল ২০২৬-২৭ এর শীর্ষেই রইল মোহনবাগান এসজি।

আজ প্রথম একাদশে ছিলেন না আলবার্তো রদ্রিগেজ। তবে বিশেষ অসুবিধে হয়নি বাগানের। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করেছিল মোহনবাগান। প্রথম ২০ মিনিট রক্ষণ জমাট রেখেছিল চার্চিল। তবে ২৬ মিনিটের মাথায় দরাজিচের বাড়ানো বল পান ম্যাকলারেন। তিনি বল দেন ছাংতেকে। গোল করতে ভুল করেননি এই পাহাড়ি ফুটবলার। ১-০ এগিয়ে যায় মোহনবাগান। আইএসএল-এ বাগানের জার্সিতে প্রথম গোল করলেন ছাংতে। প্রথমার্ধে বেশ কিছু ভাল সেভ করেন বাগানের গোলকিপার বিশাল কাইথও, তবে গোল করতে পারেনি চার্চিল। ১-০ এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান এসজি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ শুরু করে চার্চিল। ৫৩ মিনিটে ছাংতে ও লিস্টনের বদলে মাঠে আসেন অনিরুদ্ধ থাপা ও মণবীর সিং। তবে নামার ৮ মিনিটের মধ্যেই স্কোরকার্ড খুঁজে নিল থাপার পা। ম্যাকলারেনের বাড়ানো বল থেকে গোল করে গেলেন অনিরুদ্ধ। কিন্তু গোল খেয়েও হতোদ্যম হয়নি চার্চিল। টানা আক্রমণ করে যেতে থাকে তারা। ৮৪ মিনিটে বক্সেই ভিন্সি ব্যারেটোকে ফাউল করে বসেন মণবীর। পেনাল্টি পায় চার্চিল। গোল করতে ভুল করেননি গুতিয়েরেস। এই নিয়ে মরসুমে ৪ নম্বর গোল করে ফেললেন তিনি।

তবে এরপরেও একাধিক আক্রমণ করে চার্চিল কিন্তু আর গোলমুখ খোলেনি। ২-১ ফলেই ম্যাচ শেষ করে মোহনবাগান। এই ম্যাচ জিতে আইএসএল এর শীর্ষে চলে এল সবুজ-মেরুন। আগামী ২৯ তারিখ বড় ম্যাচ। খাতায়-কলমে এগিয়ে মোহনবাগান। কারণ, ইস্টবেঙ্গলের ফর্ম ও আনোয়ার-এডমুন্ডদের চোট। তবে মোহনবাগানের আত্মবিশ্বাস ভরসা দেবে কোচ প্যানোস ও সমর্থকদের।

Loading...
Unable to load recommendations.
Follow Us