ISL 2023-24: হাতে ৬ বিদেশি, গোয়া ম্যাচের আগেও কুয়াদ্রাতের ভাবনায় ডার্বি
এ দিকে ইস্টবেঙ্গলের কাছে এখন সব ম্যাচই ডু অর ডাই। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে ইস্টবেঙ্গল। ওড়িশাকে হারিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চেন্নাইয়ান এফসি। ইস্টবেঙ্গলের আগে নর্থ ইস্ট, জামশেদপুর, বেঙ্গালুরু এফসি। প্লে অফ খেলতে গেলে এখন সব ম্যাচই ডু অর ডাই ক্লেটনদের কাছে। সেটা টের পেয়েছেন কোচ কুয়াদ্রাতও।

কলকাতা: বড় ম্যাচ নিয়ে জল্পনা চলছেই। কলকাতা থেকে ডার্বি সরবে, নাকি দিন বদল হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। ইস্টবেঙ্গল কর্তারা ভীষণ ভাবে চাইছেন ডার্বি (Derby) কলকাতায় খেলতে। এফএসডিএলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা। তৃণমূলের ব্রিগেড সমাবেশই যুবভারতীর বড় ম্যাচের বাধা হয়ে দাঁড়িয়েছে। ইস্টবেঙ্গল (East Bengal) কোচ কার্লেস কুয়াদ্রাত অবশ্য জানালেন তাঁর মনের কথা। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের। তবু বড় ম্যাচের ভাবনা ঘুরপাক খাচ্ছে লাল-হলুদ শিবিরে।
ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত বলে দিলেন, ‘যুবভারতীতে ৬০ হাজার দর্শকের সামনে ডার্বি খেলতে পারলে ভালো লাগবে। ভারতীয় ফুটবলের জন্যও সেটা কিন্তু ভালো বিজ্ঞাপন। জানি না কোথায় খেলতে হবে। তবে এফএসডিএল যে সিদ্ধান্তই নিক, সেটা আমাদের মেনে নিতে হবে।’
এ দিকে ইস্টবেঙ্গলের কাছে এখন সব ম্যাচই ডু অর ডাই। ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে ইস্টবেঙ্গল। ওড়িশাকে হারিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চেন্নাইয়ান এফসি। ইস্টবেঙ্গলের আগে নর্থ ইস্ট, জামশেদপুর, বেঙ্গালুরু এফসি। প্লে অফ খেলতে গেলে এখন সব ম্যাচই ডু অর ডাই ক্লেটনদের কাছে। সেটা টের পেয়েছেন কোচ কুয়াদ্রাতও। গোয়া উড়ে যাওয়ার আগে লাল-হলুদের স্প্যানিশ কোচ বললেন, ‘সব ম্যাচই এখন জিততে হবে আমাদের। ১৫ পয়েন্টের জন্যই ঝাঁপাতে হবে। ছেলেদের চোট আঘাতের সম্ভাবনা থাকলেও এখন কিছু করার নেই। ঝুঁকি নিতেই হবে। তাদের সুরক্ষিত রাখার আর পথ নেই।’
অনেক দিন বাদে ৬ বিদেশিকেই হাতে পাচ্ছেন কুয়াদ্রাত। চোট কাটিয়ে সুস্থ সাউল ক্রেসপো। কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরছেন হিজাজি মাহের। কোচ কুয়াদ্রাতও ডাগ আউটে ফিরছেন কার্ড সমস্যা মিটিয়ে। লিগ টেবিলের চার নম্বরে থাকা গোয়ার বিরুদ্ধে নামার আগে কুয়াদ্রাতের দুশ্চিন্তা একটাই। চোট থাকায় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি নন্দ কুমার। ফিজিক্যাল ট্রেনারের কাছে আলাদা অনুশীলন করেন নন্দ।
