Qatar World Cup 2022: আতসকাচের তলায় ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ, ক্ষুব্ধ কাতার
ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা শুরুর আগে নানা বিতর্কের মুখে পড়েছে মধ্য প্রাচ্যের দেশ কাতার। যে কারণে প্রথম থেকেই আন্তর্জাতিক স্তরে আতশকাচের তলায় ছিল দেশটি।

দোহা: যেদিন থেকে ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup 2022) আয়োজনের দায়িত্ব পেয়েছে কাতার, সেদিন থেকেই মধ্য প্রাচ্যের দেশটি আতসকাচের তলায়। শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার, কয়েকজন শ্রমিকের মৃত্যু, সমকামিতা নিষিদ্ধ, এলজিবিকিউটি শ্রেণির মানুষদের প্রতি নানা বিধিনিষেধ।সব মিলিয়ে শুরু থেকে বিতর্কে কাতার। বিশ্বকাপ (Fifa World Cup 2022) শুরু হতে একমাসেরও কম সময়। তার আগে কাতারের শাসক শেখ তামিম বিন হামিদ আল-থানি ক্ষোভ উগরে দিলেন। তাঁর অভিযোগ, নজিরবিহীনভাবে কাতারের বিরুদ্ধে বিভিন্ন কারণে আন্দোলন করা হচ্ছে। এই আন্দোলন অপমানের সমান বলে জানিয়েছেন কাতারের শাসক। কী বলেছেন কাতারের শাসক, জেনে নিন TV9 bangla-র এই প্রতিবেদনে।
কাতারের বিধান-পরিষদে তামিম বিন হামিদ বলেন, “আমরা প্রাথমিকভাবে বিষয়টিকে সরল বিশ্বাসে মোকাবিলা করেছি। নিজেরা বিবেচনা করেছি যে, কিছু সমালোচনা ইতিবাচক এবং প্রয়োজন ছিল। এই সমালোচনাগুলি আমাদের এমন দিকগুলি বিকাশে সাহায্য করেছে, সত্যিই যার প্রয়োজন ছিল। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম, আমাদারে বিরুদ্ধে এই সমালোচনা, আন্দোলনগুলি চলতেই থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ভীষণ অসম্মানজনক এবং সমালোচকদের দ্বিমুখী মনোভাব প্রকাশ্যে এনেছে। একটা সময় বেপরোয়া আক্রমণ হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এর পিছনের আসল কারণ এবং উদ্দেশ্য ছিল অন্য।”
এই প্রথম কোনও আরব কান্ট্রিতে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এত বড় ফুটবল যজ্ঞের আয়োজন এই তৈলপ্রধান দেশটির পক্ষে করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রথম থেকেই সন্দিহান ছিল বাকি বিশ্ব। কিন্তু সময়ের মধ্যে ঝাঁ চকচকে আটটি স্টেডিয়াম তৈরি-সহ কাতারকে বিশ্বকাপ আয়োজনকারী দেশের যোগ্য করে তুলেছে কাতার। দেশটির আবহাওয়ার কথা মাথায় রেখে শীতকালে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপের ইতিহাসে যা প্রথম। এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে রব তুলেছে বাকি বিশ্ব। এর সঙ্গে যুক্ত হয় স্টেডিয়াম সংস্কার এবং তৈরিতে যুক্ত শ্রমিকদের নিয়ে। তাদের দাবি ছিল, দীর্ঘদিন কাজ করিয়েও বেতন দেয়নি কাতার সরকার। সমকামিতা নিয়ে কাতারের নাকউঁচু মনোভাবও সমালোচনার জন্ম দিয়েছে। যদিও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো জানিয়েছেন, কাতার ফুটবল বিশ্বকাপ হবে টুর্নামেন্টে ইতিহাসের সেরা।
