Cricket Rules: এবার টেস্ট ক্রিকেটেও চালু হবে ফ্রি হিট? জল্পনা বাড়ালেন এমসিসি প্রধান!

MCC: আগে ক্যাচ নেওয়ার সময় দুই ব্যাটার ক্রস করে গেলে নন স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটার স্ট্রাইকে আসতেন। কিন্তু বর্তমানে সেই নিয়ম বদলে গিয়েছে। ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকেই পরবর্তী বলের মুখোমুখি হতে হবে - এই নিয়ম নিয়েও মুখ খুলেছেন স্টুয়ার্ট।

Cricket Rules: এবার টেস্ট ক্রিকেটেও চালু হবে ফ্রি হিট? জল্পনা বাড়ালেন এমসিসি প্রধান!
ফাইল ছবিImage Credit source: Getty Images

|

Nov 23, 2026 | 1:57 PM

কলকাতা: এবার কি টেস্ট ক্রিকেটে চালু হবে ফ্রি হিট? সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দিলেন না মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব-এর সদস্যরা। কারণ, শোনা যাচ্ছে টেস্ট ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন করতে চাইছে এমসিসি। তাই খুব সম্ভবত টেস্ট ক্রিকেটেও চালু হতে পারে ফ্রি হিট, জানিয়েছেন এমসিসির হেড অফ ক্রিকেট ফ্রেজার স্টুয়ার্ট।

বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ফ্রি হিটের নিয়ম রয়েছে। নো-বল করার পরের বলটিতে ব্যাটারকে সাধারণত বোল্ড, ক্যাচ, এলবিডব্লিউ বা স্টাম্প করে আউট করা যায় না। ফ্রি হিট বলে একমাত্র রান আউট হতে পারেন ব্যাটাররা। মূলত বোলারদের নিয়ম ভাঙার শাস্তি হিসেবেই এই নিয়ম চালু হয়েছিল। বিশেষ করে কোমরের উচ্চতায় ফুলটস ও ক্রিজের বাইরে পা ফেলে বল করার ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী ভূমিকা নেয়। তবে টেস্টে ফ্রি হিট হয় না।

এই বিষয়ে ফ্রেজার স্টুয়ার্ট বলেছেন, “বর্তমানে টেস্ট ক্রিকেটে ফ্রি হিটের কোনও ব্যবস্থা নেই। আমরা বিষয়টি বিবেচনা করছি। এখনও পর্যন্ত আমরা সব ধরণের ক্রিকেটে ফ্রি হিট চালু করার সিদ্ধান্ত নিইনি। তবে ভবিষ্যতে কী হবে, তা বলা যায় না।” এদিকে ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকেই পরবর্তী বলের মুখোমুখি হতে হবে – এই নিয়ম নিয়েও মুখ খুলেছেন স্টুয়ার্ট। আগে ক্যাচ নেওয়ার সময় দুই ব্যাটার ক্রস করে গেলে নন স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটার স্ট্রাইকে আসতেন। কিন্তু বর্তমানে সেই নিয়ম বদলে গিয়েছে। স্টুয়ার্ট জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি এই পরিবর্তনের পক্ষে ছিলেন। ২০২০ সালে দ্য হান্ড্রেড প্রতিযোগিতার আয়োজকরা এমসিসি-র সঙ্গে যোগাযোগ করার পর বিষয়টি আরও গুরুত্ব পায়।

শুধু ক্রিকেটের নিয়মেই পরিবর্তন নয়, সাধারণ মানুষের কাছে ক্রিকেটের আইন আরও সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে এমসিসি। বিভিন্ন আঞ্চলিক ভাষায় ক্রিকেটের আইন অনুবাদ করা হচ্ছে। ভারতে গত অক্টোবর মাসে এই অনুবাদগুলি প্রকাশ পেয়েছে।

বর্তমানে ইংরেজির পাশাপাশি হিন্দি, উর্দু, কন্নড়, বাংলা ও মারাঠি ভাষায় ক্রিকেটের আইন উপলব্ধ রয়েছে। এছাড়া শ্রীলঙ্কায় ২টি ভাষায় ক্রিকেটের আইন প্রকাশ করতে চান স্টুয়ার্ট। তাঁর বক্তব্য, “ক্রিকেটকে সকলের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। ক্রিকেটের আইন বেশ জটিল। বিশেষ করে যদি কারও মাতৃভাষা ইংরেজি না হয়, তাহলে তার ক্ষেত্রে নিয়মগুলি আরও জটিল লাগবে। তাই আইনগুলিকে সহজবোধ্য করে তোলার চেষ্টা করা আমাদের কর্তব্য।” কিন্তু এর পাশাপাশি যদি টেস্ট ক্রিকেটেও ফ্রি হিট চালু করা হয়, তাহলে আরও জৌলুস বাড়বে টেস্ট ক্রিকেটের, মনে করছে ক্রিকেটমহল।

Loading...
Unable to load recommendations.
Follow Us