
নয়াদিল্লি: প্রথম একাদশে সুযোগ কিছুতেই পাচ্ছেন না বৈভব সূর্যবংশী। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হওয়ার পর থেকে ভারতের হয়ে একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি ১৫ বছরের এই তরুণ ওপেনার। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, তাহলে কি কোচ গম্ভীর চান না, বৈভব খেলুন? কারণ, ৪ ম্যাচেই তিনি ছিলেন ডাগআউটে। সিরিজ ইতিমধ্যে ২-২ ফলে ড্র আছে। এই সময় পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টির আগে বৈভবকে সুযোগ দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। এরই মধ্যে সোশাল মিডিয়াতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নিজের মনের কথা বুঝিয়ে দিলেন এই তরুণ ক্রিকেটার।
সোশাল মিডিয়াতে বৈভব পোস্ট করেছেন, “Still Believing”। অর্থাৎ, “এখনও বিশ্বাস রাখছি”। তাঁর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। শেষ ম্যাচে কি ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পাবেন বিহারের এই ব্যাটার? নাকি আরও অপেক্ষা করতে হবে তাঁকে? সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে এই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মনে।
বৈভবকে এখনও সুযোগ না দেওয়ার পিছনে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনা বেশ স্পষ্ট। তাঁর মতে, সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে সরিয়ে বৈভবকে দলে নেওয়া উচিত না। বিশ্বকাপজয়ী দলের ওপেনিং কম্বিনেশনের উপরেই আপাতত আস্থা রাখতে চান ভারতীয় দলের হেডস্যর। গম্ভীরের কথায়, “স্যামসন দেখিয়ে দিয়েছে যে ও কী করতে পারে। বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার জন্য প্রতিভার দরকার হয়। ও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। ইংল্যান্ড সিরিজে ওকে বাদ দেওয়া সম্ভবত আমার কোচিং জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্তগুলোর একটি।”
বৈভবকে নিয়ে আরও একটি বিষয় নজর কেড়েছে ক্রীড়ামহলের। বৈভবের বদলে যে সময়ে ভিভিএস লক্ষ্মণ দলের কোচ ছিলেন, তখন সুযোগ দেওয়া হয়েছে বৈভবকে। কিন্তু গম্ভীর দলের দায়িত্বে ফিরতেই আবার প্রথম একাদশের বাইরে চলে যেতে হচ্ছে তাঁকে। এখন সিরিজের ফল ২-২। ফলে পঞ্চম টি-টোয়েন্টি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন। এবং গম্ভীরের এই কথা থেকেই প্রায় নিশ্চিত, শেষ টি-টোয়েন্টিতেও জায়গা না পাওয়ার সম্ভাবনাই বেশি বৈভবের।