
কলকাতা: রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গিয়েছে ভারত। সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি ভারতের অধিনায়ক তিলক ভার্মা। এরই মধ্যে ভারতীয় পেসার হর্ষিত রানার আচরণ নিয়ে অভিযোগ জানিয়েছে পাকিস্তান ‘এ’ দল। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ম্যাচ রেফারি নঈম উর রশিদের কাছে এই অভিযোগ জানানো হয়েছে পাক দলের তরফ থেকে। হর্ষিত ছাড়া ভারতের আরও বেশ কিছু ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করেছে পাকিস্তান।
রবিবার ভারত এ-র মুখোমুখি হয়েছিল পাকিস্তান এ। খেলার সময় নাকি পাক ব্যাটারদের বারংবার স্লেজিং করছিলেন এই ভারতীয় পেসার। পাক ওপেনার শামিল হুসেন ও মাজ সাদাকতের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন হর্ষিত। এই দুই ব্যাটার পার্টনারশিপে ৬৬ রান করেন। এরপরেই পাক দলের ৩ নম্বর ব্যাটার রোহেল নাজিরকে আউট করেন তিনি। এমনকি, উইকেট পাওয়ার পরেও তাঁর স্লেজিং বন্ধ হয়নি। পাল্টা জবাব দেন পাকিস্তানের ক্রিকেটাররাও। এমনকি, স্লেজিং থামাতে বেশ কয়েকবার পরিস্থিতি সামলাতে চলে আসেন আম্পায়াররাও।
এই ম্যাচে হর্ষিতের বোলিং স্ট্যাট ছিল ১০-০-৭৭ -২। পরে ব্যাট করতে নেমে অবশ্য কোনও রান করতে পারেননি তিনি। সেই সময় পাক দলের ক্রিকেটাররাও তাঁকে স্লেজ করেন। তবে পাক দল ঠিক কী কারণে অভিযোগ জানিয়েছে, তা এখনও জানা যায়নি। ক্রিকেটের নিয়মে শুধু স্লেজিং করলেই শাস্তি হয় না। তবে প্রতিপক্ষকে অপমান করা, উস্কানি দেওয়া বা উইকেট পাওয়ার পর অত্যধিক অ্যাগ্রেশন দেখালে শাস্তি হতে পারে।
যদিও অনেক বিশেষজ্ঞরা হর্ষিতকে সাবধান করছেন। তাঁদের কথায়, হর্ষিত এখনও তরুণ ক্রিকেটার। মাঠে তাঁর আগ্রাসী মনোভাব অনেক সময় ভাল পারফরম্যান্স করতে সাহায্য করলেও অতিরিক্ত স্লেজিংয়ের ফলে বিপাকে পড়তে পারে তাঁর নিজের দলও। প্রতিপক্ষকে চাপে রাখা ক্রিকেটেরই একটি অংশ। তবে সেই সঙ্গে নিজের রাগ ও আচরণেও নিয়ন্ত্রণ করা জরুরি। ভবিষ্যতে হর্ষিতকে এই বিষয়ে আরও নজর দিতে হবে বলেই পরামর্শ অভিজ্ঞদের।