
কলকাতা: গত মাসেই ঘটেছিল এক ইতিহাস। ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলেছিল ভারতীয় ফুটবল দল। ৩ ম্যাচের মধ্যে একটি ম্যাচেও ভারত জেতেনি, কিন্তু ভারতের গেমপ্লে প্রশংসিত হয়েছিল ফুটবলমহলে। কিন্তু এই ম্যাচগুলি আয়োজন করে আসলে বিপাকে পড়েছে এআইএফএফ বা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সূত্রের খবর, এই ৩ ম্যাচ আয়োজন করে প্রায় ৮০-৮৫ কোটি টাকার লস হয়েছে এআইএফএফের।
এই খরচ মেটাতেই AIFF-এর Fixed Deposit ভাঙানোর প্রস্তাব দিয়েছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তবে রবিবারের সাধারণ সভায় (SSBM) তাঁর এই প্রস্তাবের বিরোধিতা করেন বোর্ডের বেশির ভাগ সদস্য। সদস্যদের বক্তব্য, ৮৫ কোটি টাকা লসের ধাক্কা সামলাতে AIFF-এর FD-র টাকা ভাঙানো উচিৎ নয়। AIFF এর সহ-সভাপতি এন এ হ্যারিসও এই প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি জানান, ফিক্সড ডিপোজিট ভাঙানোর বিরুদ্ধে আগেই সিদ্ধান্ত নিয়েছিল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। সভায় কল্যাণ চৌবে জানান, ৩টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে গিয়ে যে আর্থিক ঘাটতি হয়েছে, তা মেটাতেই তিনি FD ভাঙতে চান। তিনি আরও বলেন, পরে বাইরে থেকে অর্থের যোগান দিয়ে এই FD-র অর্থ মেটানো হবে। সংবাদমাধ্যমকে রাজ্য ফুটবল সংস্থার এক কর্তা জানান এই কথা। তবে ঠিক কত টাকার ঘাটতি হয়েছে, তা জানানো হয়নি। ম্যাচ আয়োজনের আর্থিক চুক্তিতে গোপনীয়তার শর্ত থাকার ফলে এই তথ্য প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন ওই কর্তা।
এই আর্থিক ঘাটতির কারণে AIFF এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। সভায় এক সদস্য নাকি জানতে চান, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের খরচ মেটাতে গিয়ে এত টাকা ঘাটতি হলে ঘরোয়া ফুটবল কীভাবে চালানো হবে? সন্তোষ ট্রফির মতো প্রতিযোগিতার আয়োজন, ফুটবলের উন্নয়নমূলক কাজ ও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। যদিও, এই বিষয়ে কোনও মন্তব্য করেননি কল্যাণ চৌবে নিজে। উল্লেখ্য, আগে শোনা গিয়েছিল, এই ৩ ম্যাচ আয়োজন করতে গেলে ফুটবল ফেডারেশনকে নিজের গ্যাঁটের টাকা খরচ করে কোনও কিছু করতে হবে না। কিন্তু বর্তমান আর্থিক ঘাটতি ও ভাঙানোর প্রস্তাব সেই আগের আশ্বাস নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।