
কলকাতা : ২০২৬ বিশ্বকাপে (FIFA World Cup 2026) কি আর্জেন্টিনাকে (Argentina) বিশেষ সুবিধে দেওয়া হয়েছিল? টুর্নামেন্ট চলাকালীন এই প্রশ্ন বারবার উঠেছিল। মিশর, সুইজারল্যান্ডসহ একাধিক দলের ফুটবলার, কোচ ও প্রাক্তন তারকারা অভিযোগ করেছিলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে ভার-এর (VAR) একাধিক সিদ্ধান্ত লিওনেল মেসির আর্জেন্টিনার পক্ষেই গিয়েছে। যদিও শেষ পর্যন্ত স্পেনের কাছে ফাইনালে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে লা আলবিলেস্তেদের। এবার সেই বিতর্কে নতুন মোড় আনল ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা আইফ্যাব (IFAB)। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এম্বোলোকে (Breel Embolo) দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্তটি সঠিক ছিল না।
কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৭২ মিনিটে স্কোর ছিল ১-১। সেই সময় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেসের চ্যালেঞ্জে বক্সের ভিতরে পড়ে যান এম্বোলো। প্রথমে রেফারি পারাদেসকে হলুদ কার্ড দেখান। কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত বদলে এমবোলোকে প্লে অ্যাক্টিং বা ফাউলের অভিনয় করার জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। এর ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন এই সুইস ফরোয়ার্ড। ১০ জনের সুইজারল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি। অবশেষে সুইজারল্যান্ডকে ৩-১ হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। এর পরেই রেফারিং নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। মেসিদের বিশেষ সুবিধে দিয়েছেন রেফারি, এই অভিযোগ করেন সুইজারল্যান্ডের কোচও।
এবার সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিল আইফ্যাব। সংস্থার ব্যাখ্যা অনুযায়ী, বর্তমানে Mistaken Idendity বা ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর নিয়ম শুধু সেই পরিস্থিতিতে প্রযোজ্য, যেখানে রেফারি ভুল ফুটবলারকে শাস্তি দিয়েছেন। কিন্তু কোনও ফাউল আদৌ হয়েছে কি না, বা সেটিকে ডাইভিং বলে নিয়ম বদলে দেওয়ার জন্য এই নিয়ম ব্যবহার করা যায় না। আইফ্যাব জানিয়েছে, বিশ্বকাপে এম্বোলোর ঘটনায় যেভাবে এই আইন ব্যবহার করা হয়েছে, তা ভুল। তবে ভবিষ্যতে এই নিয়ম বদলাবে কি না, তা নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা চলছে। এই ব্যাখ্যা সামনে আসার পর ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হওয়া রেফারিং বিতর্ক ফের নতুন করে আলোচনা উঠে এসেছে।