India vs Palestine: খেলতে না পেরে বর্ণবিদ্বেষ, তাও প্যালেস্টাইনকে গোলের মালা পরাল ভারতের ছোটরা

AFC U17 Asian Cup: প্রবল বৃষ্টির কারণে সাময়িকভাবে ম্যাচ বন্ধ রাখতে হয়। মাঠে জল জমে যাওয়ার কারণে ফুটবলারদের পক্ষে খেলা কঠিন হয়ে পড়ে। দুই দলকে প্রায় ২ ঘন্টার বেশি ড্রেসিংরুমে অপেক্ষা করতে হয়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত।

India vs Palestine: খেলতে না পেরে বর্ণবিদ্বেষ, তাও প্যালেস্টাইনকে গোলের মালা পরাল ভারতের ছোটরা
ফাইল ছবিImage Credit source: AIFF

| Edited By: Moumita Das

Nov 18, 2026 | 12:44 PM

কুয়ালালামপুর: একদিকে প্রবল বৃষ্টি, তার উপর খারাপ মাঠ ও সর্বোপরি বিপক্ষের ফুটবলারদের বর্ণবিদ্বেষী মন্তব্য – এতকিছু মিলেও ভারতকে হারাতে পারল না প্যালেস্টাইন। AFC অনুর্ধ্ব ১৭ এশিয়ান কাপ ২০২৭ এর যোগ্যতা অর্জন পর্বে প্যালেস্টাইনকে ৪-১ গোলে হারাল ভারত। এই জয়ের ফলে গ্ৰুপ ‘ই’-তে নিজেদের জয়ের ধারা বজায় রাখল ‘ব্লু কোল্টস’। এবার শেষ ম্যাচে আয়োজক দেশ মালয়েশিয়ার বিরুদ্ধে অন্তত ১ পয়েন্ট পেলেই এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে ভারত। এটি হবে ভারতের ১১তম অনুর্ধ্ব ১৭ এশিয়ান কাপ অভিযান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। ৮ মিনিটের মাথায় কামগৌহাও ডুয়েঙ্গেলের গোলে এগিয়ে যায় ভারত। প্যালেস্টাইনের ফুটবলার মহম্মদ জামহু নিজের দলের গোলকিপারকে পাস বাড়াতে গিয়ে ভুল করে ফেলেন। তাঁর ভুলের সুযোগ নিয়ে হৃষিকেশ মানাভাথি বল নিয়ে বক্সে ঢুকে পাস দেন ডুয়েঙ্গেলকে। তিনি গোল করতে কোনও ভুল করেননি। এরপর থেকেই যেন নোংরামি শুরু করে প্যালেস্টাইন। ভারতীয় ফুটবলারদের বর্ণবিদ্বেষী মন্তব্য, রাফ ট্যাকল – কিছু করতেই বাকি রাখেনি প্যালেস্টাইন। এর কিছুক্ষন পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যালেস্টাইনের জামহুর। ভারতের রাজ্ সিং ওয়াহিংবামকে ফেলে দেওয়ার পর তাঁকে দুই বার লাথি মারেন প্যালেস্টাইনের ফুটবলার। রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান জামহুরকে। ফলে বাকি ম্যাচ ১০ জনে খেলে প্যালেস্টাইন।

তবে এর মধ্যেই ৩২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান প্যালেস্টাইনের অধিনায়ক ইয়াজান খলিফা। ১-১ ফলে শেষ হয় প্রথমার্ধ। এরপর প্রবল বৃষ্টির কারণে সাময়িকভাবে ম্যাচ বন্ধ রাখতে হয়। মাঠে জল জমে যাওয়ার কারণে ফুটবলারদের পক্ষে খেলা কঠিন হয়ে পড়ে। দুই দলকে প্রায় ২ ঘন্টার বেশি ড্রেসিংরুমে অপেক্ষা করতে হয়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। ৫২ মিনিটে কর্নার থেকে ফিরে আসা বল বক্সের বাইরে পেয়ে জোরালো শটে গোল করেন মুকুন্দ সিং নিংথৌজাম। এর ফলে ২-১ গোলে এগিয়ে যায় ভারত। এর ৭ মিনিট পর আবার গোল করে ভারত। এবার গোল করেন অধিনায়ক ডাল্লামৌন গাংতে। মুকুন্দের আক্রমণ থেকে বল পেয়ে গোল করেন গাংতে। চলতি এই যোগ্যতা অর্জন পর্বে এটি ছিল তাঁর সপ্তম গোল।

ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটের মাথায় মুকুন্দের কর্নার থেকে হেডে গোল করে ভারতের জয় সুনিশ্চিত করেন জোরামদিনহারা লালহুনমাওইয়া। শেষ পর্যন্ত এই জয়ের ফলে গ্ৰুপে ভারতের অবস্থান আরও শক্তিশালী হল। এবার ভারতের সামনে শেষ গাঁট মালয়েশিয়া। সেই ম্যাচে অন্তত ১ পয়েন্ট পেলেই ২০২৭ সালের অনুর্ধ্ব ১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে ভারত।

Loading...
Unable to load recommendations.
Follow Us