INDW vs BANW Score: শেফালির দুরন্ত সেঞ্চুরি, বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত!

Shafali Verma: মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রান করার রেকর্ড এতদিন ছিল নিউজিল্যান্ডের সুজি বেটসের। তাঁর মোট রান ৪৭৫৮। আজ তাঁকে টপকে গিয়ে এক নম্বরে স্মৃতি। তাঁর মোট রান ৪৭৮৮।

INDW vs BANW Score: শেফালির দুরন্ত সেঞ্চুরি, বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত!
স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মাImage Credit source: PTI

| Edited By: Moumita Das

Sep 20, 2026 | 3:02 PM

জাপান : প্রত্যাশা মতোই এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে ভারত। সেমিফাইনালে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে দিল হরমনপ্রীত কৌরের দল। এর ফলে ক্রিকেটের ফাইনালে ওঠায় কমপক্ষে রুপোর পদক নিশ্চিত করে ফেললেন শেফালি, স্মৃতিরা। সোনার জন্য ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এ যেন দিন কয়েক আগে হয়ে যাওয়া এশিয়া কাপের পূর্বপরিচিত স্ক্রিপ্ট। কারণ এশিয়া কাপেও সেমিফাইনালে ভারত জিতেছিল বাংলাদেশের বিরুদ্ধে ও ফাইনাল খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবার এশিয়ান গেমসেও এক ঘটনা।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত ক্যাপ্টেন হরমন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা। ১৯ বলে ৩৭ করে আউট হন স্মৃতি। ক্যাপ্টেন হরমনপ্রীত করেন ৩৩ বলে ৪০ রান। তবে যাঁর কথা না বললেই হয়, তিনি শেফালি। ৪৯ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। মেরেছেন ৩টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারি। টুর্নামেন্টের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে ইতিহাস শেফালি ভার্মার। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই প্রথম সেঞ্চুরি তাঁর। তাঁর বদান্যতায় ২০ ওভার ব্যাট করে ভারত তোলে ১৯৫/৪। বঙ্গকন্যা রিচা ঘোষ ৪ বলে ২ রান করেই আউট হয়ে যান।

জবাবে বাংলাদেশ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়। প্রথম ৩ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার জুয়াইরিয়া ফিরদৌস প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। আর এক ওপেনার দিলারা আক্তার ২৩ বলে ২৭ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসই বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ রান। ১১ জনের মধ্যে ১০ বা তার অধিক রান করেছেন মাত্র ৩ জন। ৩ জন আউট হয়েছেন ০ রানে। বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা ৯ বলে ৯ রানে আউট হয়েছেন। ১৯৫ রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে ৮১ রানে অল আউট হয়ে যান যায় বাংলাদেশ। ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন সুলতানা খাতুন। এর ফলে ১১৪ রানে জিতে এশিয়ান গেমসে রুপো নিশ্চিত শেফালি ভার্মা, রিচা ঘোষদের। ৩টি করে উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা ও নন্দনী শর্মা। ২টি উইকেট শ্রী চরণীর।

এশিয়া কাপের সেমি ফাইনালে বাংলাদেশকেই ৪০ রানে হারিয়েছিল ভারত। ৪০ বলে ৬৪ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন শেফালি। আজ আরও একটি রেকর্ড গড়লেন স্মৃতি। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রান করার রেকর্ড এতদিন ছিল নিউজিল্যান্ডের সুজি বেটসের। তাঁর মোট রান ৪৭৫৮। আজ তাঁকে টপকে গিয়ে এক নম্বরে স্মৃতি। তাঁর মোট রান ৪৭৮৮। এর ফলে সোনার পদকের জন্য লড়বে ভারত ও শ্রীলঙ্কা। যে হারবে, সে পাবে রুপোর পদক। ব্রোঞ্জ পদকের জন্য লড়বে বাংলাদেশ ও পাকিস্তান।

Loading...
Unable to load recommendations.
Follow Us