FIFA U15 World Cup: লাওসের পর এবার ক্যামেরুন, ছোটদের বিশ্বকাপে ‘দুইয়ে দুই’ ভারতের

Indian Football Team: গ্ৰুপের অন্য দল হিসেবে লাওস ও বাহরাইন ম্যাচ ড্র হয়েছে ১-১ ফলে। অন্যদিকে, সেনেগাল ৬-১ গোলে হারিয়েছে গ্রেনাডাকে। আজ বিকেলে ভারত মুখোমুখি হবে গ্রেনাডার। ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ নাগাদ শুরু হবে ম্যাচটি।

FIFA U15 World Cup: লাওসের পর এবার ক্যামেরুন, ছোটদের বিশ্বকাপে দুইয়ে দুই ভারতের
ভারতীয় ফুটবলImage Credit source: AIFF

| Edited By: Moumita Das

Oct 25, 2026 | 1:15 PM

বাকু: ফিফা অনুর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ দুরন্ত ছন্দে রয়েছে ভারত। রবিবার, ২৫ অক্টোবর গ্ৰুপ কে-র দ্বিতীয় ম্যাচে ক্যামেরুনকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারতের ছোটরা। জয়ের নেপথ্যে আছেন ভারতের গোলকিপার জেনিত নিংথৌজাম। বেশকিছু দুরন্ত সেভ সহ পেনাল্টিও আটকান তিনি। উল্লেখ্য, এই প্রথম আয়োজিত হচ্ছে ফিফা অনুর্ধ্ব ১৫ বিশ্বকাপ। প্রতিযোগিতায় মোট ১৮৯টি দেশ অংশগ্রহণ করছে ও তাদের মোট ৩২টি গ্ৰুপে ভাগ করা হয়েছে। ম্যাচগুলি হচ্ছে ৮জনের দলীয় ফরম্যাটে। এখানেই সম্পূর্ণ ম্যাচ হবে ৪০ মিনিটে, যার মধ্যে ২০ মিনিট করে দুটি অর্ধ।

বৃষ্টিভেজা মাঠে শুরু থেকেই চাপ সৃষ্টি করা শুরু করেন ভারতের ফুটবলাররা। প্রথম মিনিটে দীপক সিং আরামবামের কর্নার থেকে ভাসা বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালেই জড়িয়ে দেন ক্যামেরুনের ফারেইল এনগোবো। ফলে শুরুতেই ১-০ এগিয়ে যায় ভারত। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ক্যামেরুন। তবে ভারতের ডিফেন্সের প্রশংসা করতেই হয়। একের পর এক ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে আটকে নজর কাড়ে ভারতের ফুটবলাররা। একের পর এক দুর্দান্ত সেভ করতে থাকেন জেনিতও। ১৬ মিনিটে ক্যামেরুনের ফ্রি-কিক থেকে ভাসা বল দুর্দান্ত ক্ষমতায় আটকে দেন তিনি। পরের মিনিটেই আবার একটি ভাল সেভ করেন জেনিত। তবে ২০ মিনিটে সমতা ফেরায় ক্যামেরুন। ডান দিক থেকে মোশতারের বাড়ানো বল ভারতের মহম্মদ সোহেল খানের গায়ে লেগে দিক বদলে গোলে ঢুকে যায়। ফলে ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর নয়া উদ্যমে মাঠে নাম ভারত। ২৭ মিনিটে রোনানদেবের বাড়ানো বল পান দীপক। তিনি বল দেন অধিনায়ক আর লালরেমরুয়াতফেলার কাছে। প্রথম টাচেই নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-১ গোলে ফের এগিয়ে যায় ভারত। ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি পায় ক্যামেরুন। কিন্তু হারুনা আব্দুলায়ের শট দুরন্ত দক্ষতায় বাঁচিয়ে দেন তিনি। শেষ অব্দি রক্ষণ সামলে রেখেই ২-১ গোলে জিতল ভারত। এই জয়ের ফলে গ্ৰুপ কে-তে ২ ম্যাচ খেলে ২ ম্যাচেই জিতেছে ভারত। গ্ৰুপের অন্য দল হিসেবে লাওস ও বাহরাইন ম্যাচ ড্র হয়েছে ১-১ ফলে। অন্যদিকে, সেনেগাল ৬-১ গোলে হারিয়েছে গ্রেনাডাকে। আজ বিকেলে ভারত মুখোমুখি হবে গ্রেনাডার। ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ নাগাদ শুরু হবে ম্যাচটি। এরপর ২৬ অক্টোবর বাহরাইন ও সেনেগালের বিরুদ্ধে খেলবে ভারত। প্রতিযোগিতার সব ম্যাচ বিনামূল্যে দেখা যাবে dazn.com এ।

Loading...
Unable to load recommendations.
Follow Us