
কলকাতা: দিন কয়েকের মধ্যেই ফিফার নির্বাচন রয়েছে। বর্তমানে ফিফার সভাপতি একাধিক অভিযোগে বিদ্ধ। আদৌ তিনি আসন্ন নির্বাচনে জয়লাভ করবেন কি না, জানা নেই। এই কারণেই তিনি এই মুহূর্তে বড় ঘোষণা করলেন। ফিফার প্রত্যেক সদস্য দেশগুলির জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করলেন। যদি এই ঘোষণা বাস্তবের মাটি দেখে, তাহলে বড় পুরস্কার পেতে পারে ভারতের ফুটবল ফেডারেশনও। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মোট ৬.৩৫ বিলিয়ন ডলারের একটি তহবিল তৈরি করার প্রস্তাব দিয়েছে ফিফা। বৃহস্পতিবার জুরিখে ফিফার কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা।
পরিকল্পনা অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের ফুটবল সংস্থাকে এই তহবিল থেকে টাকা দেওয়া হতে পারে। প্রতিটি সদস্য সংস্থা প্রায় ২৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩৭ কোটি টাকা) পেতে পারে। ২০২৬ সালের বিশ্বকাপ থেকে ফিফার আয় বেড়েছে বলে আশা করা হচ্ছে। সেই আয়ের একটি অংশ এই কাজে ব্যবহার করা হতে পারে। এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ প্রধান ভিক্টর মন্টাগ্লিয়ানি প্রতিটি সদস্য সংস্থার জন্য ১০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যদিও ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাজকর্ম ও সংস্থার পরিচালনা নিয়ে ফুটবল মহলে মতবিরোধ রয়েছে। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। কিন্তু উয়েফা, কনকাকাফ ও এএফসি-র মতো সংস্থাগুলি এর বিরোধিতা করে। শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাতিল করে ফিফা।
২০১৬ থেকে ফিফার সভাপতি পদে রয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সালের মার্চ মাসে ফের নির্বাচনে লড়ার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে, উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিনও আরও একবার ওই পদে লড়তে চান। কনকাকাফ প্রধান ভিক্টর মন্টাগ্লিয়ানি পুনর্নির্বাচন লড়তে পারেন বলে খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। প্রার্থীপদ জমা দেওয়ার শেষ তারিখ ১৮ নভেম্বর।